ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

বুড়িগঙ্গায় ট্রলারডুবি : নিখোঁজদের উদ্ধার কাজ সকালে

জেলা প্রতিনিধি | নারায়ণগঞ্জ | প্রকাশিত: ০৪:১৪ এএম, ১১ মার্চ ২০১৯

নারায়ণগঞ্জের ফতুল্লার বুড়িগঙ্গা নদীতে বাল্কহেডের ধাক্কায় যাত্রীবাহী ট্রলারডুবির ঘটনায় নিখোঁজদের মধ্যে এখনো ১০-১২ জনের সন্ধান মেলেনি। ফায়ার সার্ভিসের ডুবুরি দল রাত ১২টা পর্যন্ত অনুসন্ধান করলেও উদ্ধার কাজ শুরু করেনি। সোমবার সকালে উদ্ধার কাজ শুরু করবে বলে জানিয়েছেন ফায়ার সার্ভিস।

নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক আব্দুল্লাহ আল আরেফিন জানান, রোববার রাত সাড়ে ৮টার দিকে ট্রলারডুবির ঘটনার পর বুড়িগঙ্গা নদীতে গিয়ে ফায়ার সার্ভিসের লোকজন কিছুক্ষণ তল্লাশি চালায়। রাত ১২টা পর্যন্ত অনুসন্ধান করে ঘটনাস্থল ত্যাগ করে তারা। সোমবার সকাল থেকে ডুবে যাওয়া ট্রলার ও নিখোঁজদের সন্ধানে উদ্ধার কাজ শুরু করা হবে।

উদ্ধার হওয়া রঞ্জিত দাস জানান, কেরানীগঞ্জের জাজিরার কুইচ্ছামারা এলাকায় বালু টানা লেবারের কাজ শেষে রাত সাড়ে ৮টার দিকে নারীসহ প্রায় ৫০ জন লেবার ট্রলারে ফতুল্লার পাগলায় যাচ্ছিলেন। পথে ঢাকা থেকে আসা একটি খালি বাল্কহেড যাত্রীবাহী ট্রলারের উপরে তুলে দেয়। এতে ট্রলারটি ডুবে যায়। দুর্ঘটনার সময় লাফিয়ে বাল্কহেডের উপরে উঠে বাল্কহেডটি জব্দ করা হয়। বেশিরভাগ লোক সাঁতরে তীরে ওঠে। তবে এখনও ১০-১২ জন নিখোঁজ রয়েছেন বলে ধারণা করা হচ্ছে।

ঘটনাস্থলে যাওয়া দক্ষিণ কেরানীগঞ্জ থানার এসআই সিদ্দিকুর রহমান জানান, তাকওয়া পরিবহন নামে একটি খালি বাল্কহেড বুড়িগঙ্গায় ধর্মগঞ্জে যাত্রীবাহী ট্রলারের উপরে তুলে দেয়। এতে যাত্রীবাহী ট্রলারটি ডুবে যায়। এ সময় ট্রলারে থাকা কয়েকজন নারী-পুরুষ লাফিয়ে বাল্কহেডে এবং কয়েকজন সাঁতরে তীরে ওঠে। এখনো ঠিক কতজন নিখোঁজ রয়েছেন তা নির্দিষ্ট করে বলা যাচ্ছে না। তবে ট্রলারে থাকা ৫০ জন শ্রমিকের মধ্যে ৩৮ জন উদ্ধার হওয়ার বিষয়টি নিশ্চিত হওয়া গেছে। উদ্ধার হওয়া ব্যক্তিদের মধ্যে ১০ জন গুরুতর আহত হয়েছেন। আর লেবার সরদার বশিরের দেয়া তথ্যমতে ১০-১২ জন লোক এখনো নিখোঁজ রয়েছেন।

তিনি আরও জানান, দুর্ঘটনার পর তাকওয়া পরিবহনের খালি বাল্কহেডটি এলাকাবাসী ও ফতুল্লা থানা পুলিশের সহযোগিতায় জব্দ করা হয়। আর বাল্কহেডে থাকা দিদার হোসেন (৪৮) ও আবু বক্করকে (৩৮) আটক করা হয়েছে।

এনডিএস/

আরও পড়ুন