রংপুরে জাপা নেতাদের একযোগে পদত্যাগের ঘোষণা
জি এম কাদেরকে কো-চেয়ারম্যান পদে আগামী ৫ এপ্রিলের মধ্যে পুনর্বহালের দাবি জানিয়েছে রংপুর বিভাগ জাতীয় পার্টি (জাপা)। অন্যথায় সাংগঠনিক দায়িত্ব থেকে একযোগে পদত্যাগসহ রংপুর বিভাগে পার্টির সব কার্যক্রম বন্ধের ঘোষণা দিয়েছেন জাপার বিভাগীয় নেতারা।
বুধবার দুপুরে রংপুর জেলা ও মহানগর দলীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ ঘোষণা দিয়েছেন জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য ও রংপুর সিটি মেয়র মোস্তাফিজার রহমান মোস্তফা।
লিখিত বক্তব্যে প্রেসিডিয়াম সদস্য, মহানগর জাতীয় পার্টির সভাপতি ও রসিক মেয়র মোস্তফাফিজার রহমান মোস্তফা বলেন, জি এম কাদের দেশে ও বিদেশে পরিচ্ছন্ন রাজনীতিবিদ হিসেবে পরিচিত। তাকে গুরুত্বপূর্ণ পদ-পদবি থেকে অব্যাহতি দেয়ার সিদ্ধান্ত পার্টির জন্য আত্মঘাতী সিদ্ধান্ত। দলের সুসময়ে চক্রান্তকারী মহল পার্টির চেয়ারম্যানকে ভুল বুঝিয়ে এ সিদ্ধান্ত গ্রহণে উৎসাহিত করেছেন।
মেয়র অভিযোগ করে বলেন, জাতীয় পার্টিকে ধ্বংসের গভীর এবং পরিকল্পিত ষড়যন্ত্র চলছে। কুচক্রি মহলের প্ররোচনায় জি এম কাদেরকে কো-চেয়ারম্যান পদ থেকে সরানো হয়েছে। জাতীয় পার্টি মূল ধারার কোনো স্তরের নেতাকর্মীর পক্ষেই জি এম কাদেরের অব্যাহতি মেনে নেয়া সম্ভব নয়।
তিনি আরও বলেন, আমরা রংপুর বিভাগের আট জেলার মহানগর, পৌরসভা, ও উপজেলার নেতৃবৃন্দ পার্টির চেয়ারম্যানের সিদ্ধান্তের সঙ্গে একমত নই। জাতীয় পার্টিকে বাঁচাতে দলীয় প্রধানের ভুল সিদ্ধান্তের তীব্র প্রতিবাদ জানাচ্ছি। সেই সঙ্গে দলের চেয়ারম্যানের একক সিদ্ধান্ত গ্রহণের ধারায় সিদ্ধান্ত না নিয়ে প্রেসিডিয়াম সভায় সিদ্ধান্ত গ্রহণের আহ্বান জানাই।
সংবাদ সম্মেলনে জাতীয় পার্টির রংপুর বিভাগীয় সাংগঠনিক সম্পাদক ও রংপুর মহানগরের সাধারণ সম্পাদক এস এম ইয়াসির, জেলার ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক হাজী আব্দুর রাজ্জাক, সহ-সভাপতি ও সাবেক কাকসু ভিপি আলাউদ্দিন মিয়া, জাতীয় পার্টির নেতা আজমল হোসেন লেবু, সাংগঠনিক সম্পাদক শামীম সিদ্দিকী, মহানগরের যুগ্ম সাধারণ সম্পাদক লোকমান হোসেন, সাংগঠনিক সম্পাদক জাহিদুল ইসলাম, রংপুর সদর উপজেলার ভাইস চেয়ারম্যান মাসুদার রহমান মিলন, লালমনিরহাট জাতীয় পার্টির সাধারণ সম্পাদক সাজ্জাদ পারভেজ, গাইবান্ধার সদস্য সচিব সরোয়ার হোসেন শাহিন, দিনাজপুরের সাধারণ সম্পাদক আহম্মেদ রুবেল, পঞ্চগড়ের সাধারণ সম্পাদক আবু সালেক, ঠাকুরগাঁওয়ের রাহুল হাসান, লালমনিরহাটের এসকে মামুনসহ রংপুর জেলা ও মহানগরের অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
জিতু কবীর/এএম/এমএস
আরও পড়ুন
সর্বশেষ - দেশজুড়ে
- ১ সবচেয়ে কম রাজস্ব দেয় আমাদের দেশের মানুষ: হুইপ আশরাফ উদ্দিন নিজান
- ২ রামেক হাসপাতালে হাম উপসর্গ নিয়ে একদিনে ৩ শিশুর মৃত্যু
- ৩ ৪২ শয্যার বিপরীতে ১৪৭ শিশু ভর্তি, চাপ সামলাতে হিমশিম অবস্থা
- ৪ ফুটবল খেলার মাইকিং নিয়ে ৪ গ্রামবাসীর দফায় দফায় সংঘর্ষ, আহত শতাধিক
- ৫ সিজারের সময় অতিরিক্ত রক্তক্ষরণে প্রসূতির মৃত্যু, ক্লিনিকে হামলা-ভাঙচুর