ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

ফতুল্লায় ভাসমান রেস্তোরাঁয় অভিযান, মাদকসহ গ্রেফতার ৭০

জেলা প্রতিনিধি | নারায়ণগঞ্জ | প্রকাশিত: ০১:৪৭ এএম, ০২ এপ্রিল ২০১৯

নারায়ণগঞ্জের ফতুল্লায় মেরী এন্ডারসন ভাসমান রেস্তোরাঁ ও বারে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ মাদকদ্রব্যসহ ৭০ জন মাদক বিক্রেতা ও মাদকসেবী গ্রেফতার করেছে পুলিশ। তাৎক্ষণিকভাবে পুলিশের পক্ষ থেকে গ্রেফতারকৃতদের নাম-পরিচয় জানানো হয়নি।

সোমবার (১ এপ্রিল) রাতে জেলা পুলিশ সুপার হারুন অর রশিদের নির্দেশক্রমে গোয়েন্দা শাখা (ডিবি) এবং ফতুল্লা থানা পুলিশ এ অভিযান পরিচালনা করে।

প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, মেরী এন্ডারসনের ভাসমান রেস্তোরাঁয় ডিবি ও ফতুল্লা থানা পুলিশ যৌথভাবে রাত সাড়ে ৮টায় অভিযান শুরু করে রাত পৌনে ১২টায় শেষ করে। অভিযানকালে মেরী এন্ডারসনের মূল ফটক আটকে দেয়া হয়।

অভিযানের খবর পেয়ে সংবাদকর্মীরা ঘটনাস্থলে গিয়ে ভেতরে প্রবেশ করতে চাইলে পুলিশ বাধা দেয়। এ সময় একজন সংবাদকর্মী ছবি তুলতে গেলে ডিবি পুলিশ তার মোবাইল ফোন কেড়ে নেয়।

জেলা পুলিশের বিশেষ শাখার পরিদর্শক সাজ্জাদ রোমান বলেন, রাত সাড়ে ৮টা থেকে ১০টা পর্যন্ত পুলিশ সুপার মোহাম্মদ হারুন অর রশিদের নির্দেশক্রমে অতিরিক্ত পুলিশ সুপার (ডিবি) সুবাস চন্দ্র সাহার নেতৃত্বে জেলা ডিবি ও ফতুল্লা থানা পুলিশ মেরী এন্ডারসনে অভিযান পরিচালনা করে।

অভিযানে মাদকসেবী ও বিক্রেতাসহ ৭০ জনকে গ্রেফতার এবং তাদের কাছ থেকে ৮১ কার্টন বিদেশি বিয়ার (প্রতি কার্টনে ২৪টি করে) এবং চার কার্টন বিদেশি মদ (প্রতি কার্টনে ১০টি করে) উদ্ধার করা হয়।

মো. শাহাদাত হোসেন/বিএ

আরও পড়ুন