ভুট্টার ট্রাকে ফেনসিডিল ভর্তি
বগুড়ায় ভুট্টাবোঝাই ট্রাক থেকে ৮০০ বোতল ফেনসিডিল উদ্ধার করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। এ সময় ট্রাকের চালক ও হেলপারকে গ্রেফতার করা হয়েছে।
শনিবার বিকেলে গোয়েন্দা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) নাসিম উদ্দিন ও ফয়সাল হাসানের নেতৃত্বে একটি দল গোপন তথ্যের ভিত্তিতে বগুড়া শহরতলীর মাটিডালী মোড় এলাকায় ট্রাক তল্লাশি করে ফেনসিডিলগুলো উদ্ধার করে।
গোয়েন্দা পুলিশ সূত্র জানায়, দিনাজপুর থেকে ২৫৫ বস্তা ভুট্টাবোঝাই করে (ঢাকা মেট্রো-ট-১৩-৬৫৮১) একটি ট্রাক ঢাকা যাচ্ছিল। ভুট্টার বস্তার সঙ্গে ফেনসিডিল পাচার হচ্ছে- এমন সংবাদের ভিত্তিতে মাটিডালী মোড়ে ট্রাকটি তল্লাশি করে পুলিশ। এ সময় ট্রাকের পেছনের দিকে ভুট্টার বস্তার সঙ্গে বিশেষ কায়দায় রাখা চারটি প্লাস্টিকের বস্তায় ৮০০ বোতল ফেনসিডিল পাওয়া যায়। পরে ট্রাকচালক আমির হাওলাদার (৫০) এবং হেলপার নুরুন্নবীকে (২৬) গ্রেফতার করা হয়।
ডিবি পুলিশের এসআই নাসিম উদ্দিন বলেন, চালক ও হেলপার বাড়তি আয়ের উদ্দেশে ভুট্টার বস্তার সঙ্গে এর আগেও মাদক বহন করেছে। এবারও তারা এ ফেনসিডিল নিয়ে ঢাকায় যাচ্ছিল। কিছুদিন আগে ট্রাকচালক আমির ফেনসিডিলসহ ঢাকায় পুলিশের হাতে গ্রেফতার হয়েছিল। গ্রেফতারকৃতদের নামে বগুড়া সদর থানায় মামলা হয়েছে।
লিমন বাসার/এএম/এমকেএইচ
আরও পড়ুন
সর্বশেষ - দেশজুড়ে
- ১ রাজশাহীতে ঈদগাহের ইমাম নিয়োগ নিয়ে বিএনপি-জামায়াত সংঘর্ষ, একজনের মৃত্যু
- ২ ফরিদপুর শহরে ঘুরে ঘুরে ৭ মার্চের ভাষণ বাজালেন যুবলীগ কর্মী
- ৩ বিভিন্ন মিডিয়া আওয়ামী লীগকে স্ট্যাবলিশ করার এজেন্ডা হাতে নিয়েছে
- ৪ সময়ের চাহিদাকে প্রাধান্য দিয়ে কৃষি গবেষণাকে এগিয়ে নিতে হবে: কৃষি সচিব
- ৫ ভোলায় দুই ইটভাটাকে দুই লাখ জরিমানা