কুমিল্লায় ৬ প্রতিষ্ঠানকে জরিমানা
কুমিল্লায় ৫২টি পণ্য প্রত্যাহারে অভিযান পরিচালনা করে নগরীর ছয় ব্যবসা প্রতিষ্ঠানকে অর্ধ লক্ষাধিক টাকা জরিমানা করা হয়েছে। হাইকোর্টের নির্দেশে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর সোমবার দিনভর কুমিল্লা নগরীর স্বপ্ন সুপার মার্কেটসহ বিভিন্ন মার্কেটে এ অভিযান পরিচালনা করে।
কুমিল্লা কার্যালয়ের সহকারী পরিচালক মো. আছাদুল ইসলামের নেতৃত্বে এটি পরিচালিত হয়।
বিএসটিআই-এর পরীক্ষায় মানহীন বিভিন্ন ব্র্যান্ডের ৫২টি পণ্য বাজার থেকে প্রত্যাহার করা হয়েছে কিনা- এ বিষয়ে সোমবার কুমিল্লা নগরীর বিভিন্ন মার্কেটে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর অভিযান চালায়। এ সময় নগরীর বাদুরতলা এলাকার স্বপ্ন সুপারশপ মেয়াদোত্তীর্ণ পিওর তীর আটা বিক্রি করায় ১০ হাজার টাকা এবং আমানা বিগ বাজারে অননুমোদিত বিদেশি পণ্য রাখা ও মেয়াদোত্তীর্ণ নুডুলস বিক্রি করায় ৩০ হাজার টাকা জরিমানা করা হয়।
এছাড়া নগরীর কান্দিরপাড়া নিউ মার্কেটের খোকন স্টোর ও যদু লাল সাহার দোকান থেকে মানহীন বাঘাবাড়ির স্পেশাল ঘি জব্দ করে ধ্বংস করা হয় এবং দুই দোকানিকে পাঁচ হাজার টাকা করে ১০ হাজার টাকা, রাজগঞ্জ বাজারে মেসার্স হক অ্যান্ড সন্সে মানহীন কারি পাউডার জব্দ করে ধ্বংস করে পাঁচ হাজার টাকা এবং একই বাজারের হোসেন মোল্লা হোটেলের ফ্রিজে রান্না ও কাঁচা মাছ-মাংস রাখায় তিন হাজার টাকা জরিমানা করা হয়।
জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর কুমিল্লা কার্যালয়ের সহকারী পরিচালক মো. আছাদুল ইসলাম জানান, বিএসটিআই-এর পরীক্ষায় মানহীন পণ্য রাখার দায়ে নগরীর মোট ছয় প্রতিষ্ঠানকে ৫৮ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
অভিযানে জেলা স্যানিটারি ইন্সপেক্টর ও নিরাপদ খাদ্য পরিদর্শক অমলেন্দু ভান্ডারি, কোতোয়ালি মডেল থানা পুলিশের একটি টিম ও সংশ্লিষ্ট বাজার সমিতির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
মো. কামাল উদ্দিন/এমএআর/পিআর