২০ হাজার টাকা মুক্তিপণে ছাড়া পেল মাদরাসাছাত্র
অপহরণের তিনদিন পর ২০ হাজার টাকা মুক্তিপণে ছাড়া পেয়েছে নারায়ণগঞ্জের ফতুল্লার মাদরাসাছাত্র মাসুম বিল্লাহ। বিকাশের মাধ্যমে টাকা দেয়া হলে তাকে ছেড়ে দেয় অপহরণকারীরা।
বুধবার মুন্সিগঞ্জের মুক্তারপুর এলাকায় মাসুম বিল্লাহকে ছেড়ে দিয়ে পরিবারের লোকদের খবর দেয় অপহরণকারীরা। মাসুম বিল্লাহ ফতুল্লার দাপা ইদ্রাকপুর আস হাবিস সুফফাহ মাদরাসার হাফেজি বিভাগের ছাত্র।
গত রোববার দুপুরে দাপা ইদ্রাকপুর এলাকার একটি মাঠ থেকে তাকে অপহরণ করে দুর্বৃত্তরা। এরপর তারা মুঠোফোনে ২০ হাজার টাকা মুক্তিপণ দাবি করে। এ বিষয়ে বুধবার দুপুরে ফতুল্লা মডেল থানায় মাসুম বিল্লাহর পরিবার একটি লিখিত অভিযোগ দায়ের করে। এদিনই ভুক্তভোগী পরিবারের সদস্যরা অপহরণকারীদের মুক্তিপণের ২০ হাজার টাকা বিকাশের মাধ্যমে দিলে মুক্তারপুর এলাকায় তাকে ছেড়ে দেয়া হয়।
অভিযোগের তদন্তকারী কর্মকর্তা ফতুল্লা মডেল থানার এসআই মো. আমজাদ হোসেন বলেন, অভিযোগ পাওয়ার পর দুর্বৃত্তদের অবস্থান নিশ্চিত করার জন্য কললিস্ট বের করা হয়। কললিস্টে দুর্বৃত্তদের অবস্থান নিশ্চিতও করা হয়। এ সংবাদ পাওয়ার পরপরই ছাত্রের পরিবার অপহরণকারীদের সঙ্গে যোগাযোগ করে মুক্তারপুর এলাকায় অবস্থান করে, অপহরণকারীদের কথামতো ২০ হাজার টাকা বিকাশে পাঠিয়ে দেয়। এর পরপরই মাসুম বিল্লাহকে মুক্তারপুর ব্রিজ এলাকায় ঘোরাঘুরি করতে দেখে তার পরিবার।
এসআই আমজাদ হোসেন আরও বলেন, অপহৃত মাদরাসাছাত্রকে উদ্ধারের বিষয়ে আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছিল। অপহরণকারীদের লোকেশন ধরে এগুচ্ছিলাম। কিন্তু ছাত্রের পরিবার অপহরণকারীদের সঙ্গে যোগাযোগ করে মুক্তিপণ দিয়ে দেয়। পরে অপহরণকারীরা তাকে মুক্তি দেয়।
মো. শাহাদাত হোসেন/বিএ
আরও পড়ুন
সর্বশেষ - দেশজুড়ে
- ১ একটি দল মা-বোনদের তুচ্ছ-তাচ্ছিল্য করছে, ঘরে বন্দি করতে চাচ্ছে
- ২ ফ্যামিলি-কৃষক কার্ড না দিয়ে অ্যান্টি চাঁদাবাজি কার্ড দেওয়া হোক
- ৩ ঝুঁকি নিয়ে ইসলামী আন্দোলন এককভাবে নির্বাচন করছে: চরমোনাই পীর
- ৪ ডাকসু দিয়ে শুরু, ১২ তারিখ ইতিহাস সৃষ্টি হবে: জামায়াত আমির
- ৫ বর্ডার দিয়ে অস্ত্র ঢুকেছে, উদ্ধার না হলে নির্বাচন সুষ্ঠু হবে না