রাঙ্গাকে গ্রেফতারে আল্টিমেটাম, না হলে পরিবহন ধর্মঘট
স্বৈরাচারবিরোধী আন্দোলনে নিহত শহীদ নূর হোসেনকে নিয়ে কটূক্তির প্রতিবাদে জাপা মহাসচিব মসিউর রহমান রাঙ্গাকে গ্রেফতারে ৭২ ঘণ্টার আল্টিমেটাম দিয়েছে রংপুর মহানগর শ্রমিকলীগ।
বুধবার (১৩ নভেম্বর) বিকেলে নগরীর প্রেসক্লাব চত্বরে মহানগর জাতীয় শ্রমিক লীগের আয়োজনে মানববন্ধন চলাকালে সমাবেশে এ আল্টিমেটাম দেন নেতৃবৃন্দ। নির্ধারিত সময়ের মধ্যে রাঙ্গাকে গ্রেফতার করা না হলে রংপুর বিভাগে পরিবহন ধর্মঘটের হুমকি দেন তারা।
রংপুর মহানগর জাতীয় শ্রমিক লীগের সাধারণ সম্পাদক এমএ মজিদের সভাপতিত্বে আয়োজিত কর্মসূচিতে শ্রমিক লীগ নেতা কাউন্সিলর রহমুতুল্লাহ বাবলা ও শামীমসহ মহানগর, ওয়ার্ড, যুব মহিলা লীগ এবং যুব মহিলা শ্রমিকলীগের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।
বক্তারা আগামী ৭২ ঘণ্টার মধ্যে জাপা মহাসচিব মসিউর রহমান রাঙ্গাকে গ্রেফতারে সরকারের হস্তক্ষেপ কামনা করেন। তবে তাকে গ্রেফতারে ব্যর্থ হলে রংপুর বিভাগে অনির্দিষ্টকালের জন্য পরিবহন ধর্মঘটের হুমকি দেন তারা। পরে মহানগর শ্রমিক লীগের একটি বিক্ষোভ মিছিল নগরীর প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
জিতু কবীর/এমএএস/পিআর