ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

কাউন্সিলরকে পদ থেকে অব্যাহতি দিতে হাইকোর্টের নির্দেশ

জেলা প্রতিনিধি | গোপালগঞ্জ | প্রকাশিত: ০৪:৫১ পিএম, ২৬ নভেম্বর ২০১৯

গোপালগঞ্জের কোটালীপাড়া পৌরসভার ৭নং ওয়ার্ডের কাউন্সিলর মো. আক্তারুজ্জামানকে নৈতিকস্খলন জনিত কারণে তার পদ থেকে অব্যহতি দেয়ার জন্য স্থানীয় সরকার সচিবকে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।

গত ৪ নভেম্বর বিচারপতি শেখ হাসান আরিফ ও বিচারপতি এমডি মাহমুদ হাসান তালুকদার এ আদেশ দেন।

এছাড়া স্থানীয় সরকার বিভাগের সিনিয়র সচিব, বিভাগীয় কমিশনার ঢাকা, জেলা প্রশাসক গোপালগঞ্জ ও উপ-পরিচালক, স্থানীয় সরকার বিভাগ গোপালগঞ্জকে কাউন্সিলর পদ থেকে অব্যহতি দেয়ার জন্য আবেদন করা সত্ত্বেও কমিশনার আক্তারুজ্জামানের বিরুদ্ধে কোনো ব্যবস্থা না নেয়ার কারণ জানতে চেয়ে ৪ সপ্তাহের মধ্যে উত্তর দিতে বলা হয়।

ঘটনার বিবরণে জানা গেছে, গত ৯ ফেব্রুয়ারি জুয়ার আসর থেকে কাউন্সিলর মো. আক্তারুজ্জামানকে আটক করে পুলিশ। পরে ওই কাউন্সিলরকে আদালতে হাজির করা হলে জুয়া আইনে তাকে ২ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও ৫০ টাকা জরিমানা করেন আদালত।

কোটালীপাড়া পৌরসভার ৭নং ওয়ার্ডের ভোটার আলম সিকদারগং ফৌজদারী অপরাধে সাজার দায়ে কাউন্সিলর আক্তরুজ্জামানকে কাউন্সিলর পদ থেকে অব্যহতি প্রদানের জন্য স্থানীয় সরকার বিভাগের সিনিয়র সচিব, বিভাগীয় কমিশনার ঢাকা, জেলা প্রশাসক গোপালগঞ্জ ও উপ-পরিচালক গোপালগঞ্জে আবেদন করেন।

এদিকে আবেদনকারী কোনো প্রতিকার না পেয়ে আক্তারুজ্জামানের কাউন্সিলর পদ অপসারণ চেয়ে হাইকোর্টে রিট পিটিশন দায়ের করেন গত ৪ নভেম্বর শুনানির পর আদালত উক্ত রায় প্রদান করেন।

আবেদনকারীর পক্ষে মামলা পরিচালনা করেন অ্যাডভোকেট তৈমুর আলম খোন্দকার। তাকে সহযোগিতা করেন ব্যারিস্টার মার ই যান খোন্দকার।

উল্লেখ, পৌরসভা আইন-২০০৯ আইনের ৩২(খ) ধারায় বলা আছে, নৈতিকস্খলন জনিত কারণে আদালত কর্তৃক দণ্ডিত হলে মেয়র বা কাউন্সিলর পদ বাতিল যোগ্য।

এমএএস/পিআর