ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

মোবাইল নিয়ে কথা কাটাকাটি, ব্যবসায়ীকে ছুরিকাঘাতে হত্যা

জেলা প্রতিনিধি | কুমিল্লা | প্রকাশিত: ১০:০৩ এএম, ২৭ জানুয়ারি ২০২০

কুমিল্লার চান্দিনায় মিজানুর রহমান নামে এক মুরগি ব্যবসায়ীকে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে। রোববার (২৬ জানুয়ারি) সন্ধ্যায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের উপজেলার নূরীতলা এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত মিজানুর রহমান কুমিল্লার দেবীদ্বার উপজেলার ভানী ইউনিয়নের বরাট গ্রামের সিরাজুল ইসলাম মেম্বারের ছেলে।

নিহতের ভাগ্নে রাসেল জানান, রোববার সকালে বরাট বাজারে মিজানুর রহমানের দোকানে মুরগি কিনতে যান পার্শ্ববর্তী সাইতলা গুচ্ছ গ্রামের মো. আজিজের ছেলে আহাম্মদ আলী। ওই সময়ে মিজানুর রহমানের ছোট ভাই সফিউল্লাহ সুফী দোকানে ছিলেন। আহাম্মদ আলী মুরগি কেনার পর ফোন করার অজুহাতে সুফীর ব্যবহৃত মোবাইল ফোনটি নিয়ে পালিয়ে যান। সারাদিনেও মোবাইল ফোনটি ফেরত দেননি। সন্ধ্যায় মিজানুর রহমান মাইক্রোবাস যোগে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে চান্দিনা থেকে বাড়ি ফেরার সময় ওই গাড়িতে আহাম্মদ আলীর সঙ্গে দেখা হয়।

এ সময় দুইজনের মধ্যে মোবাইল ফোনের বিষয়ে কথা কাটাকাটির একপর্যায়ে গাড়িটি নূরীতলা নামক স্থানে পৌঁছালে আহাম্মদ আলী ছুরি দিয়ে মিজানুর রহমানের শরীরের বিভিন্ন অংশে আঘাত করেন। পরে অস্ত্রের মুখে চালককে হুমকি দিয়ে গাড়ি থামিয়ে পালিয়ে যান। পরে স্থানীয়রা মিজানুর রহমানকে চান্দিনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

এ ব্যাপারে চান্দিনা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবুল ফয়সল বলেন, খবর পেয়ে সঙ্গে সঙ্গে চান্দিনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ ঘটনাস্থলে যাই। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে। আসামিকে গ্রেফতারের চেষ্টা চলছে।

আরএআর/পিআর