কুমিল্লায় পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ দুই ডাকাত নিহত
প্রতীকী ছবি।
কুমিল্লায় পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে ইমন ও জাহাঙ্গীর নামে দুই ডাকাত নিহত হয়েছেন। বৃহস্পতিবার গভীর রাতে জেলার সদর উপজেলার পালপাড়া এলাকায় লোহারপুল ব্রিজের পাশে এ ঘটনা ঘটে।
পুলিশ ঘটনাস্থল থেকে অস্ত্র-গুলিসহ দেশীয় বিভিন্ন অস্ত্র উদ্ধার করেছে। নিহতরা হলেন- জেলার সদর উপজেলার ভাটপাড়া এলাকার মৃত আক্তারুজ্জামানের ছেলে আরিফুজ্জামান ইমন এবং আড়াইওরা এলাকার নিরু মিয়ার ছেলে জাহাঙ্গীর।
পুলিশ জানায়, পালপাড়া এলাকায় লোহারপুল ব্রিজের পাশে সশস্ত্র ডাকাতদল ডাকাতির জন্য সমবেত হয়েছে- এমন খবরে ওই এলাকায় যৌথ অভিযান পরিচালনা করে কোতয়ালী মডেল থানা পুলিশ এবং জেলা ডিবি পুলিশ।
পুলিশের উপস্থিতি টের পেয়ে ডাকাতদল এলোপাতাড়ি গুলি ছোড়ে। আত্মরক্ষার্থে পুলিশও পাল্টাগুলি ছোড়ে। এ সময় পুলিশের তিন সদস্য এবং দুই ডাকাত আহত হন। তাদের উদ্ধার করে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক দুই ডাকাতকে মৃত ঘোষণা করেন।
এদিকে ঘটনাস্থল থেকে একটি এলজি, পাঁচ রাউন্ড গুলির খোসা, দুটি রামদা, একটি ছুরিসহ ডাকাতির বিভিন্ন সরঞ্জামাদি উদ্ধার করেছে পুলিশ।
জেলা ডিবির এসআই পরিমল দাস জানান, নিহত ডাকাতদের প্রত্যেকের বিরুদ্ধে হত্যা, অস্ত্র, চাঁদাবাজিসহ ৭-৮টি মামলা রয়েছে।
মো. কামাল উদ্দিন/বিএ
সর্বশেষ - দেশজুড়ে
- ১ রাজশাহীতে ঈদগাহের ইমাম নিয়োগ নিয়ে বিএনপি-জামায়াত সংঘর্ষ, একজনের মৃত্যু
- ২ ফরিদপুর শহরে ঘুরে ঘুরে ৭ মার্চের ভাষণ বাজালেন যুবলীগ কর্মী
- ৩ বিভিন্ন মিডিয়া আওয়ামী লীগকে স্ট্যাবলিশ করার এজেন্ডা হাতে নিয়েছে
- ৪ সময়ের চাহিদাকে প্রাধান্য দিয়ে কৃষি গবেষণাকে এগিয়ে নিতে হবে: কৃষি সচিব
- ৫ ভোলায় দুই ইটভাটাকে দুই লাখ জরিমানা