গৃহকর্মীকে ধর্ষণ, দুই ভাই গ্রেফতার
টাঙ্গাইলের বাসাইলে এক গৃহকর্মীকে (১৪) ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় শুক্রবার (২৯ ফেব্রুয়ারি) রাতে দুই ভাইকে গ্রেফতার করেছে পুলিশ।
গ্রেফতাররা হলেন- বাসাইলের কালীবাড়ি এলাকার খোকা বাবুর ছেলে সিজান (২৪) ও রিপন (৩২)। ধর্ষণের শিকার ওই গৃহকর্মী কিশোরগঞ্জের কুলিয়ারচর উপজেলার চারারবন গ্রামের বাসিন্দা।
মামলার বিবরণে জানা যায়, ওই কিশোরী ঢাকার মিরপুর-২ সি ব্লকের মাসুদের বাসায় গৃহকর্মী হিসেবে কাজ করে আসছিল। ২০১৯ সালের ১৬ জুলাই মাসুদের স্ত্রী রিপা (২৮) চিকিৎসার জন্য ভারত যান। যাওয়ার আগে ওই গৃহকর্মীকে রিপা তার বাবার বাড়ি বাসাইলে রেখে যান। ওই রাতেই রিপার ভাই সিজান গৃহকর্মীকে ধর্ষণ করেন। বিষয়টি কাউকে জানালে মেরে ফেলার হুমকিও দেন। এরপর থেকে বিভিন্ন সময় তাকে ধর্ষণ করা হয়। ওই গৃহকর্মী বাড়ি যেতে চাইলেও তাকে জোর করে আটকে রাখা হয়। বিষয়টি সিজানের বড় ভাই রিপনকে জানালেও তিনি কোনো কর্ণপাত করেননি।
বিষয়টি গোপনে ওই গৃহকর্মী তার মাকে জানায়। এরপর রিপা ভারত থেকে দেশে ফিরলে তাকেও ধর্ষণের বিষয়টি জানানো হয়। রিপা তার ভাই সিজানের সঙ্গে ওই কিশোরীর বিয়ে দেয়ার আশ্বাস দিয়েও তা বাস্তবায়ন করেননি। উপায়ন্তর না পেয়ে গত ২৭ ফেব্রুয়ারি রাতে ধর্ষণের শিকার ওই গৃহকর্মীর মা বাদী হয়ে সিজান, রিপন ও রিপাকে আসামি করে বাসাইল থানায় ধর্ষণ মামলা করেন।
বিষয়টি নিশ্চিত করে বাসাইল থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) বিল্লাল হোসেন বলেন, ধর্ষণের ঘটনায় অভিযুক্ত দুই ভাইকে আটক করে শনিবার দুপুরে আদালতে পাঠানো হয়েছে। অপর অভিযুক্ত রিপা পলাতক। তাকেও আটকের চেষ্টা চলছে।
আরিফ উর রহমান টগর/আরএআর/এমএস
সর্বশেষ - দেশজুড়ে
- ১ ফরিদপুর শহরে ঘুরে ঘুরে ৭ মার্চের ভাষণ বাজালেন যুবলীগ কর্মী
- ২ বিভিন্ন মিডিয়া আওয়ামী লীগকে স্ট্যাবলিশ করার এজেন্ডা হাতে নিয়েছে
- ৩ সময়ের চাহিদাকে প্রাধান্য দিয়ে কৃষি গবেষণাকে এগিয়ে নিতে হবে: কৃষি সচিব
- ৪ ভোলায় দুই ইটভাটাকে দুই লাখ জরিমানা
- ৫ চেয়ারম্যান প্রার্থীর শুভেচ্ছার ফেস্টুনে মুজিব-জিয়া-তারেকের ছবি