ডাক্তারকে জুতাপেটা
টাঙ্গাইলের বাসাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের এক চিকিৎসকের বিরুদ্ধে চিকিৎসা নিতে আসা শিশুর শ্লীলতাহানির অভিযোগ উঠেছে। এ ঘটনায় বিক্ষুব্ধ জনতা ওই চিকিৎসককে জুতাপেটা করেছেন। শুক্রবার (২২ মে) দুপুরে বাসাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এ ঘটনা ঘটে।
অভিযুক্ত সুবোধ কুমার দাস উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের উপ-সহকারী কমিউনিটি মেডিকেল কর্মকর্তা। শ্লীলতাহানির শিকার শিশুটি বাসাইল পৌরসভার বালিনা গ্রামের বাসিন্দা।
ভিকটিমের পরিবার ও হাসপাতাল সূত্র জানায়, কানব্যথা শুরু হলে শুক্রবার সকালে শিশুটিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান তার মা। সেখানের জরুরি বিভাগে কর্তব্যরত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের উপ-সহকারী কমিউনিটি মেডিকেল কর্মকর্তা সুবোধ কুমার দাস শিশুটির কানে চিকিৎসা দেয়ার জন্য প্রাথমিক পরীক্ষা করেন।
আউটডোরে রোগী দেখাতে হলে টাকা লাগে- এমন অজুহাতে শিশুর মায়ের কাছে পাঁচ টাকা দাবি করেন সুবোধ কুমার দাস। এ সময় শিশুটির মা টাকা ভাঙাতে হাসপাতালের বাইরে যান। এ সুযোগে শিশুটির শ্লীলতাহানি করেন ওই চিকিৎসক।
শিশুটির মা হাসপাতালে ফিরে এলে শ্লীলতাহানির কথা জানায় শিশুটি। এ নিয়ে শিশুটির মা প্রতিবাদ করলে হাসপাতালে উত্তেজনার সৃষ্টি হয়। খবর পেয়ে শিশুর পরিবারের সদস্যরা হাসপাতালে আসেন। সেই সঙ্গে বিক্ষুব্ধ জনতা ওই চিকিৎসককে জুতাপেটা ও মারধর করেন। খবর পেয়ে উপজেলা পরিষদের চেয়ারম্যান কাজী অলিদ ইসলাম ও উপজেলা নির্বাহী কর্মকর্তা শামসুন নাহার ঘটনাস্থলে যান।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. ফিরোজুর রহমান বলেন, অভিযুক্ত ওই কর্মকর্তাকে বদলির ব্যবস্থা করা হচ্ছে। এ ঘটনায় বিক্ষুব্ধ জনতা ওই কর্মকর্তাকে জুতাপেটা করেছেন।
বাসাইল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শামসুন নাহার স্বপ্না বলেন, ঘটনাস্থলে উপস্থিত হয়ে বিক্ষুব্ধ জনতাকে শান্ত করেছি। তবে অভিযোগকারী লিখিত অভিযোগ দেননি। এ বিষয়ে হাসপাতাল কর্তৃপক্ষ ব্যবস্থা নেবেন বলেছেন।
আরিফ উর রহমান টগর/এএম/জেআইএম
সর্বশেষ - দেশজুড়ে
- ১ শেবাচিম হাসপাতালে আগুন, আতঙ্কিত রোগী ও স্বজনদের দিগ্বিদিক ছোটাছুটি
- ২ চুয়াডাঙ্গায় নিজ সন্তানকে অপহরণ করে মুক্তিপণ দাবি, বাবাসহ গ্রেফতার ২
- ৩ সড়কে ঘরমুখো মানুষের ঢল, নবীনগর-চন্দ্রায় দীর্ঘ যানজট
- ৪ চাপ বাড়লেও যান চলাচল স্বাভাবিক, অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগ
- ৫ ১২০০ পরিবারের মাংস সমিতির টাকা নিয়ে উধাও তিন পরিচালক