বেতনের দাবিতে স্বাস্থ্যকর্মীদের মানববন্ধনে পুলিশের লাঠিচার্জ
সুনামগঞ্জে বেতনের দাবিতে আউট সোর্সিং স্বাস্থ্যকর্মীদের মানববন্ধন লাঠিচার্জ করে ছত্রভঙ্গ করে দিয়েছে পুলিশ। এ সময় পুলিশ ও স্বাস্থ্যকর্মীদের মাঝে ইটপাটকেল নিক্ষেপের ঘটনা ঘটে। এতে কয়েকজন আহত হয়েছেন বলে জানা গেছে। রোববার দুপুরে সুনামগঞ্জের সিভিল সার্জন কার্যালয়ের সামনে এ ঘটনা ঘটে।
স্বাস্থ্যকর্মীরা জানান, সুনামগঞ্জ স্বাস্থ্য বিভাগে আউট সোর্সিংয়ের মাধ্যমে নিয়োগ পাওয়া ২৩৪ জন কর্মী তাদের ১২ মাসের বকেয়া বেতনের দাবিতে রোববার দুপুরে সিভিল সার্জন কার্যালয়ের সামনে মানববন্ধনে দাঁড়ান। বেতন পরিশোধের দাবি জানিয়ে স্লোগান দেন তারা। এ সময় পুলিশ এসে তাদের লাঠিপেটা করে ছত্রভঙ্গ করে দেয়। স্বাস্থ্যকর্মীরাও পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করে। এতে কয়েকজন আহত হয়েছেন বলে জানা গেছে।
বিক্ষুব্ধ স্বাস্থ্যকর্মীরা বলেন, করোনাভাইরাসের মাঝেও জীবনের ঝুঁকি নিয়ে স্বাস্থ্যসেবা দিয়ে গেছি আমরা। ১২ মাস ধরে আমাদের বেতন বন্ধ থাকায় মানবেতর জীবনযাপন করছি। এর মাঝে শুনতে পেয়েছি নতুন করে কর্মী নিয়োগের জন্য দরপত্র আহ্বান করা হচ্ছে। তাই আমরা সিভিল সার্জন অফিসের সামনে এসে শান্তিপূর্ণ প্রতিবাদ জানাচ্ছিলাম। এ সময় পুলিশ নির্দেশনা প্রদান ছাড়াই আমাদের ওপর লাঠিচার্জ শুরু করে। আমাদের বেশ কয়েকজন সহকর্মী আহত হয়েছেন।

এ সময় আউট সোর্সিং স্বাস্থ্যকর্মীদের বকেয়া বেতন পরিশোধপূর্বক তাদের চাকরির মেয়াদ নবায়ন করার দাবি জানান তারা।
তবে সুনামগঞ্জের পুলিশ সুপার মিজানুর রহমান বলেন, আইন-শৃংখলা পরিস্থিতি স্বাভাবিক রাখার স্বার্থে ও জনসমাগম করার কারণে বর্তমান পরিস্থিতি বিবেচনা করে তাদের সেখান থেকে সরিয়ে দেওয়া হয়েছে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে বলেও জানান তিনি।
সিভিল সার্জন ডা. শামস উদ্দিন বলেন, আমরা মন্ত্রণালয়কে বিষয়টি জানিয়েছি যে তারা কয়েক মাস ধরে বেতন-ভাতা পাচ্ছেন না। তারাও আমাদের আশ্বস্ত করেছেন দ্রুতই বিলটি পাস হবে। এখন বিল পাস না হলে তো কিছু বলা যাবে না।
মোসাইদ রাহাত/এফএ/এমএস
সর্বশেষ - দেশজুড়ে
- ১ স্বেচ্ছাসেবক দলের নেতাকে গ্রেফতার করায় র্যাবের ওপর হামলা, বাইকে আগুন
- ২ ঢাকাস্থ বদলগাছী সমিতির ইফতার ও নবনির্বাচিত এমপিকে সংবর্ধনা
- ৩ বর্তমান সরকার কারও প্রতিপক্ষ নয়: প্রতিমন্ত্রী নুর
- ৪ ৫২০ নয়, কুমিল্লায় বরাদ্দ এসেছে ৫০০ কার্টন খেজুর: জেলা প্রশাসক
- ৫ নির্মাণ শেষ হওয়ার আগেই ধসে পড়লো ব্যায়ামাগারের ছাদ