দাউদকান্দির মেয়র হলেন নাঈম, হোমনায় নজরুল
কুমিল্লার দাউদকান্দি ও হোমনায় আওয়ামী লীগ সমর্থিত নৌকা প্রতীকের প্রার্থী বিজয় হয়েছেন। দাউকান্দিতে নৌকার প্রার্থী নাঈম ইউসুফ ১৪ হাজার ৪৩৪ ভোট এবং হোমনায় নৌকার প্রার্থী নজরুল ইসলাম ১১ হাজার ৪৬২ ভোট পেয়ে বেসরকারিভাবে মেয়র হিসেবে নির্বাচিত হয়েছেন।
রোববার (১৪ ফেব্রুয়ারি) রাতে কুমিল্লা জেলা নির্বাচন কর্মকর্তা মো. জাহাঙ্গীর হোসেন ফলাফলের বিষয়টি নিশ্চিত করেন।
জেলা নির্বাচন অফিস সূত্রে জানা যায়, দাউদকান্দি পৌরসভা নির্বাচনে মেয়র পদে আওয়ামী লীগ ও বিএনপিসহ তিন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। এরমধ্যে নৌকার প্রার্থী বর্তমান পৌর মেয়র নাঈম ইউসুফ সেইন ১৪ হাজার ৪৩৪ ভোট পেয়ে পুনরায় নির্বাচিত হয়েছেন। বিএনপি মনোনীত ধানের শীষের নুর মোহাম্মদ সেলিম সরকার ৮২৯ ভোট এবং নারিকেল গাছ প্রতীকের স্বতন্ত্র মেয়র প্রার্থী মোহাম্মদ আবু মুছা ১০৩৬ ভোট পেয়েছেন।
অপরদিকে হোমনা পৌরসভায় মেয়র পদে তিন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। তারমধ্যে আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের মেয়র প্রার্থী বর্তমান পৌর মেয়র নজরুল ইসলাম ১১ হাজার ৪৬২ ভোট পেয়ে ফের নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির আবদুল লতিফ ৩ হাজার ২৮৮ ভোট এবং ইসলামী আন্দোলন বাংলাদেশের হাতপাখা প্রতীকের প্রার্থী মুফতি আবদুল হাকিম ৮৫৭ ভোট পেয়েছেন।
কামাল উদ্দিন/এসআর/জেআইএম