ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

কালীগঞ্জে মাদক সেবন ও বিক্রির দায়ে ৪ জনের কারাদণ্ড

জেলা প্রতিনিধি | প্রকাশিত: ০৫:৫৬ এএম, ০৫ মার্চ ২০২৬

ঝিনাইদহের কালীগঞ্জ পৌর এলাকায় মাদক সেবন ও বিক্রির দায়ে ৪ জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও অর্থদণ্ড দেওয়া হয়েছে। মাদকবিরোধী ভ্রাম্যমাণ আদালতের অভিযানে এসব দণ্ড দেওয়া হয়।

বুধবার (৪ মার্চ) বিকেলে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে অভিযুক্তদের দণ্ড প্রদান ও জব্দকৃত আলামত (মাদকদ্রব্য) উপজেলা নির্বাহী কর্মকর্তা রেজওয়ানা নাহিদের উপস্থিতিতে আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, অভিযানে মোট ৪টি মামলা দায়ের করা হয়। এর মধ্যে ৩ জনকে ৬ মাস করে বিনাশ্রম কারাদণ্ড এবং ১ জনকে ৪ মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। পাশাপাশি মোট ৪০০ টাকা অর্থদণ্ড আদায় করা হয়।

অভিযানটি পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ আল ফারুক।

তিনি স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ) আইন, ২০০৯ অনুযায়ী ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। অভিযানে ২টি মামলায় মোট ১০ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়।

এ বিষয়ে সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ আল ফারুক বলেন, সমাজকে মাদকমুক্ত রাখতে প্রশাসনের পক্ষ থেকে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। মাদক সেবন ও বিক্রির সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ অব্যাহত থাকবে। পাশাপাশি স্থানীয় সরকার আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধেও কঠোর পদক্ষেপ নেওয়া হচ্ছে। জনস্বার্থে এ ধরনের অভিযান ভবিষ্যতেও চলমান থাকবে।

এম শাহাজান/এএমএ