৬ মাস ধরে নিখোঁজ ব্যবসায়ী, সন্ধান পেতে সড়কে স্বজনরা
দীর্ঘ প্রায় ৬ মাস অতিবাহিত হলেও কুমিল্লার দাউদকান্দির নিখোঁজ ব্যবসায়ী সাইফুল ইসলামের সন্ধান মেলেনি। এ নিয়ে উৎকণ্ঠায় রয়েছে তার পরিবার। অবিলম্বে তার সন্ধানের দাবিতে সড়ক অবরোধ করে বিক্ষোভ ও মানববন্ধন করেছেন এলাকাবাসী।
সোমবার (১৫ মার্চ) বেলা ১১টায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের দাউদকান্দির গৌরীপুর পেন্নাই বাসস্ট্যান্ডে এ কর্মসূচি পালন করা হয়।
মানবন্ধনে সাইফুল ইসলামের মা জাহানারা বেগম, স্ত্রী ফাতেমা ইসলাম শিমলা, বড় ভাই জহিরুল ইসলাম, জাকির হোসেন ও বড় বোন হাজেরা আক্তার ইভাসহ এলাকার বিভিন্ন শ্রেণি পেশার লোকজন অংশ নেন। তারা দ্রুত তাকে খুঁজে বের করতে প্রশাসনের প্রতি আহ্বান জানান।
এ সময় বক্তারা বলেন, প্রশাসন এ বিষয়ে তৎপর হলেই নিখোঁজের একটি সমাধান হতে পারতো। কিন্তু ৬ মাসেও তদন্ত এগোয়নি।
পরে প্রায় এক ঘণ্টা ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করে নিখোঁজ সাইফুল ইসলামের সন্ধান এবং জড়িতদের গ্রেফতারের দাবি জানানো হয়। এতে মহাসড়কে তীব্র যানজটের সৃষ্টি হয়।
এদিকে, খবর পেয়ে পেয়ে ঘটনাস্থলে আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরা যান। কুমিল্লার সিনিয়র সহকারী পুলিশ সুপার (দাউদকান্দি সার্কেল) মো. জুয়েল রানা সাইফুল ইসলামকে খুঁজে বের করার দিলে আন্দোলনকারীরা অবরোধ তুলে নেন।
উল্লেখ্য, গত বছরের ২৪ সেপ্টেম্বর বৃহস্পতিবার দুপুর পৌনে ৩টায় গৌরীপুর বাসস্ট্যান্ডের মতলব সড়কের সামনে থেকে ডিবি পরিচয়ে চারজন অজ্ঞাত ব্যক্তি ব্যবসায়ী সাইফুল ইসলামকে হ্যান্ডকাফ পরিয়ে মাইক্রোবাসে তুলে নিয়ে চলে যায়। নিখোঁজ সাইফুল ইসলাম দাউদকান্দি উপজেলার গৌরীপুর ইউনিয়নের পেন্নাই গ্রামের মৃত আবু ছিদ্দিকের ছেলে। পরে তার পরিবারের সদস্যরা ডিবি কার্যালয়সহ বিভিন্ন থানায় খুঁজে।
খোঁজ না পেয়ে তার বড় ভাই মো. জহিরুল ইসলাম ২৫ সেপ্টেম্বর দাউদকান্দি মডেল থানায় সাধারণ ডায়েরি করেন। পরবর্তীতে আদালতে মামলা হলে পিবিআই’র কাছে তা হস্তান্তর করা হয়।
মো. কামাল উদ্দিন/এসজে/এমএস