জমি নিয়ে বিরোধে মুক্তিযোদ্ধার ওপর হামলার অভিযোগ
বীর মুক্তিযোদ্ধা সেবাহান হাওলাদার ও তার ছেলে ফারুক হাওলাদার
মোংলায় পৈতৃক সম্পত্তি বুঝে পেতে অভিযোগ করায় বীর মুক্তিযোদ্ধা সেবাহান হাওলাদারের পরিবারের ওপর হামলার অভিযোগ উঠেছে। এতে ওই বীর মুক্তিযোদ্ধাসহ তার ছেলে গুরুতর আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন বলে জানা গেছে।
শুক্রবার (২৬ মার্চ) উপজেলার সুন্দরবন ইউনিয়নের বাঁশতলা গ্রামে এ হামলার ঘটনা ঘটে। এ ঘটনায় থানায় অভিযোগ দায়ের হয়েছে।
থানায় দায়ের হওয়া অভিযোগের বরাত দিয়ে রোববার (২৮ মার্চ) উপপরিদর্শক (এসআই) মো. হাদিউজ্জামান জানান, উপজেলার সুন্দরবন ইউনিয়নের বাঁশতলা গ্রামের বাসিন্দা বীর মুক্তিযোদ্ধা মো. সোবাহান হাওলাদারের সঙ্গে পৈতৃক সম্পত্তি নিয়ে তারই আত্মীয়দের সঙ্গে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। সম্পত্তি ভাগ বণ্টন নিরসন না হওয়ায় এ নিয়ে সোবাহান হাওলাদার গত দুই মাস আগে উপজেলা সহকারী কমিশনারের (ভূমি) দফতরে একটি অভিযোগ দেন। এরপর থেকে তার আত্মীয় রোকা হাওলাদার, হালিম হাওলাদার ও কামরুল হাওলাদার তাকে বিভিন্ন সময়ে ভয়ভীতিসহ প্রাণনাশের হুমকি দিয়ে আসছিল বলে অভিযোগে উল্লেখ করা হয়।
অভিযোগ পাওয়ার সত্যতা স্বীকার করে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নয়ন কুমার রাজবংশী বলেন, ‘আমি দু’পক্ষকে ডেকে দ্রুত এর সমাধানের জন্য চেষ্টা করব।’
বীর মুক্তিযোদ্ধার পারিবারিক সূত্রে জানা গেছে, উপজেলা সহকারী কমিশনারের কাছে অভিযোগের জেরেই শুক্রবার রাতে অভিযুক্তরা বীর মুক্তিযোদ্ধাসহ তার পরিবারের ওপর দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালান। এতে তিনি এবং তার ছেলে ফারুক হাওলাদার রক্তাক্ত জখম হলে স্থানীয় হাসপাতালে প্রাথমিক চিকিৎসা নিয়ে উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেলে ভর্তি হন।
এ ব্যাপারে অভিযুক্ত রোকা হাওলাদার, হালিম হাওলাদার ও কামরুল হাওলাদার জানান, জমি জমা সংক্রান্ত পূর্ব বিরোধের জের ধরে গত শুক্রবার তাদের পরিবারের ওপর হামলা চালান মুক্তিযোদ্ধা সোবাহান হাওলাদারসহ তার লোকজন। তারাও এ ঘটনার বিচারের দাবি জানিয়েছেন।
এ বিষয়ে মোংলা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. ইকবাল বাহার চৌধুরী বলেন, ‘পরস্পর বিরোধী দুটি অভিযোগ পেয়েছি, তদন্ত করে দোষীদের বিরুদ্ধে অবশ্যই আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।’
মো. এরশাদ হোসেন রনি/এসজে/জেআইএম
সর্বশেষ - দেশজুড়ে
- ১ রাজশাহীতে ঈদগাহের ইমাম নিয়োগ নিয়ে বিএনপি-জামায়াত সংঘর্ষ, একজনের মৃত্যু
- ২ ফরিদপুর শহরে ঘুরে ঘুরে ৭ মার্চের ভাষণ বাজালেন যুবলীগ কর্মী
- ৩ বিভিন্ন মিডিয়া আওয়ামী লীগকে স্ট্যাবলিশ করার এজেন্ডা হাতে নিয়েছে
- ৪ সময়ের চাহিদাকে প্রাধান্য দিয়ে কৃষি গবেষণাকে এগিয়ে নিতে হবে: কৃষি সচিব
- ৫ ভোলায় দুই ইটভাটাকে দুই লাখ জরিমানা