বন্দিদের গাঁজা-ফোন সরবরাহ, কুমিল্লা কারাগারের কারারক্ষী গ্রেফতার
কুমিল্লা কেন্দ্রীয় কারাগারে বন্দিদের গাঁজা ও কথা বলার জন্য মোবাইল ফোন সরবরাহের অভিযোগে রোমান ভূঁইয়া নামের একজন কারারক্ষীকে গ্রেফতার করা হয়েছে। এসময় তার কাছে গাঁজা, পাঁচটি মোবাইল ফোন ও ২০ হাজার টাকা পাওয়া গেছে।
বুধবার (৩১ মার্চ) সকালে কারাগারের সংরক্ষিত এলাকায় এ ঘটনা ঘটে। পরে দিনভর জিজ্ঞাসাবাদ শেষে বিষয়টি প্রাথমিকভাবে প্রমাণিত হওয়ায় তাকে চাকরি থেকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। সন্ধ্যায় তাকে মাদক মামলায় গ্রেফতার দেখিয়ে কোতোয়ালি মডেল থানায় সোপর্দ করা হয়।
কারারক্ষী রোমান চাঁদপুরের মতলব উত্তর উপজেলার বেলতলী বাজারের হাপানিয়া গ্রামের শাহ জাহান ভূঁইয়ার ছেলে।
বিষয়টি নিশ্চিত করেছেন কুমিল্লা কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার শাহাজাহান আহমেদ।
কারাগার সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে কারাগারের ভেতরে বন্দিদের কাছে মাদক ও মোটা অংকের টাকার বিনিময়ে কথা বলার জন্য মোবাইল ফোন সরবরাহ করে আসছিলেন কারারক্ষী রোমান। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি দীর্ঘদিন ধরে টাকার বিনিময়ে বন্দিদের কাছে মাদক ও কথা বলার জন্য মোবাইল সরবরাহ করার কথা স্বীকার করেছেন।
বুধবার ভোরে দায়িত্ব পালনের জন্য কারাগারের ভেতরে প্রবেশের সময় সন্দেহ হলে তাকে আটক করে কারা কর্তৃপক্ষ। কুমিল্লা কারাগারের জেলার আসাদুর রহমান জানান, বুধবার ভোর ৫টা ৫৮ মিনিটে শিফট পরিবর্তনের সময় ডিউটি করতে আসেন কারারক্ষী রোমান। সন্দেহ হওয়ায় কারাগারের ভেতরে প্রবেশের সময় তাকে চেক করা হয়। এসময় তার প্যান্টের ভেতরে বিশেষ ব্যবস্থায় পায়ের সঙ্গে লাগানো দুটি অবৈধ মোবাইল পাওয়া যায়। কারাবিধি অনুযায়ী এটি বিশেষ অপরাধ। পরে তাকে আটক করা হয়। এরপর রোমানকে নিয়ে তার রুমে তল্লাশি চালানো হয়। সেখানে চার প্যাকেট গাঁজা ও আরও পাঁচটি মোবাইল এবং নগদ ২০ হাজার ৫০০ টাকা পাওয়া যায়। পরে প্রাথমিক জিজ্ঞাসাবাদে পুরো ঘটনা স্বীকার করেন রোমান।
সন্ধ্যায় কুমিল্লা কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার শাহাজাহান আহমেদ বলেন, মাদকের সঙ্গে যারাই জড়িত থাকবে তাদের সবাইকে আইনের আওতায় আনা হবে।
তিনি আরও বলেন, ঘটনাটি প্রাথমিকভাবে প্রমাণিত হওয়ায় কারারক্ষী রোমানকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। কারাবিধি অনুযায়ী তার বিরদ্ধে বিভাগীয় ব্যবস্থাও নেয়া হবে।
এদিকে মাদক মামলায় গ্রেফতার দেখিয়ে সন্ধ্যায় তাকে কোতোয়ালি মডেল থানায় সোপর্দ করা হয়েছে। কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আনোয়ারুল হক বলেন, কারারক্ষী রোমানকে সন্ধ্যায় থানায় হস্তান্তর করেছে কারা কর্তৃপক্ষ। বৃহস্পতিবার তাকে আদালতে সোপর্দ করা হবে।
মো. কামাল উদ্দিন/এসআর/জেআইএম