বাগেরহাটে হরিণের মাংসসহ ২ পাচারকারী গ্রেফতার
বাগেরহাটের শরণখোলায় হরিণের ১৫ কেজি মাংসসহ দুই পাচারকারীকে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার (২২ এপ্রিল) ভোরে উপজেলার সোনাতলা গ্রামের পানিরঘাট থেকে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতাররা হলেন, উপজেলার বকুলতলা গ্রামের আফজাল হাওলাদারের ছেলে আলিরাজ হোসেন (২০) ও ইসমাইল হাওলাদারের ছেলে রেজাউল হাওলাদার (২২)।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার ভোরে পুলিশ শরণখোলার সোনাতলা গ্রামের পানিরঘাটে অভিযান চালিয়ে পাচারকারী চক্রের দুই সদস্যকে গ্রেফতার করে। এসময় তাদের কাছ থেকে ১৫ কেজি হরিণের মাংস জব্দ করা হয়।
শরণখোলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইদুর রহমান বলেন, সুন্দরবন থেকে হরিণ শিকার করে পাচার করা হচ্ছে, এমন সংবাদের ভিত্তিতে ভোরে ওই এলাকায় অভিযান চালানো হয়। এসময় পুলিশের উপস্থিতি টের পেয়ে পাচারকারীরা পালিয়ে যাওয়ার চেষ্টাকালে হরিণের মাংসসহ দুই পাচারকারীকে গ্রেফতার করা হয়।
তিনি আরো বলেন, এ ঘটনায় শরণখোলা থানায় মামলা করা হয়েছে। তাদের বৃহস্পতিবার আদালতে পাঠানো হয়েছে।
শওকত আলী বাবু/এসএমএম/এমকেএইচ
সর্বশেষ - দেশজুড়ে
- ১ ফরিদপুর শহরে ঘুরে ঘুরে ৭ মার্চের ভাষণ বাজালেন যুবলীগ কর্মী
- ২ বিভিন্ন মিডিয়া আওয়ামী লীগকে স্ট্যাবলিশ করার এজেন্ডা হাতে নিয়েছে
- ৩ সময়ের চাহিদাকে প্রাধান্য দিয়ে কৃষি গবেষণাকে এগিয়ে নিতে হবে: কৃষি সচিব
- ৪ ভোলায় দুই ইটভাটাকে দুই লাখ জরিমানা
- ৫ চেয়ারম্যান প্রার্থীর শুভেচ্ছার ফেস্টুনে মুজিব-জিয়া-তারেকের ছবি