কুমিল্লায় ইপিজেড কর্মকর্তা হত্যা মামলার প্রধান আসামি গ্রেফতার
কুমিল্লা ইপিজেডের সিন চ্যং সুজ বিডি লিমিটেড কোম্পানির মানবসস্পদ কর্মকর্তা বাশার হত্যা মামলার প্রধান আসামি মহিউদ্দিনকে (২১) গ্রেফতার করেছে র্যাব। শুক্রবার (৭ মে) ভোরে কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার পদুয়ার বাজার এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতার মহিউদ্দিন কুমিল্লা মহানগরীর দক্ষিণ চোথা এলাকার মৃত. আবদুল হকের ছেলে।
র্যাব-১১, কুমিল্লা সিপিসি-২ এর কোম্পানি অধিনায়ক মেজর তালুকদার নাজমুছ সাকিব বলেন, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার ভোরে সদর দক্ষিণ উপজেলার পদুয়ার বাজার এলাকায় অভিযান চালিয়ে মহিউদ্দিনকে গ্রেফতার করা হয়। র্যাব কার্যালয়ে তাকে জিজ্ঞাসাবাদ শেষে বিকেলে সদর দক্ষিণ থানায় হস্তান্তর করা হবে।
উল্লেখ্য, গত শুক্রবার (৩০ এপ্রিল) বিকেলে অফিস থেকে বাড়ি ফেরার পথে নগরীর টমছমব্রিজ-বাখরাবাদ সড়কে ইপিজেডের এক নম্বর গেট এলাকায় ছুরিকাঘাত করে তাকে হত্যা করা হয়। এ ঘটনায় নিহতের ছোট ভাই মো. খায়রুল এনাম বাদী হয়ে কুমিল্লা সদর দক্ষিণ থানায় হত্যা মামলা দায়ের করেন।
নিহত খায়রুল বাশার সুমন কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার মান্দারি গ্রামের আবদুল মমিনের ছেলে।
আরএইচ/এমএস