নিষেধাজ্ঞা অমান্য করে মাছ শিকারের সময় আটক ৩৫ জেলে
কুয়াকাটা সংলগ্ন বঙ্গোপসাগরে সরকারের ৬৫ দিনের নিষেধাজ্ঞা অমান্য করে মাছ শিকার করার সময় ৩৫ জেলেকে আটক করেছে কুয়াকাটা নৌ-পুলিশ। এ সময় সাতটি মাছ ধরার ট্রলার ও তিন লাখ মিটার জাল জব্দ করা হয়।
রোববার (৪ জুলাই) দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে পায়রা বন্দর সংলগ্ন রাবনাবাদ চ্যানেলের চর তুফানিয়া থেকে কুয়াকাটা নৌ-পুলিশের উপ-পরিদর্শক (এসআই) মো. কামরুজ্জামানের নেতৃত্বে অভিযান চালিয়ে সাতটি ট্রলারসহ ৩৫ জনকে আটক করে নৌ-পুলিশ।

এরপর কলাপাড়ার সিনিয়র মৎস্য কর্মকর্তা অপু সাহা ঘটনাস্থলে পৌঁছে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ট্রলারের মাঝি মো. কাওসারকে ৩০ হাজার, বাবুলকে ২৫ হাজার, কিরণকে ৩০ হাজার, নাঈমকে ৩০ হাজার, নাসির খাঁকে ২৫ হাজার, দুদু মৃর্ধাকে ২৫ হাজার ও জামালকে ২৫ হাজার টাকা জরিমানা করেন।
কুয়াকাটা নৌ-পুলিশ পুলিশ ফাঁড়ির এসআই কামরুজ্জামান বলেন, ‘কোনো অসাধু চক্র যাতে সমুদ্রে মাছ ধরতে না পারে- এ ব্যাপারে আমরা সবসময় তৎপর রয়েছি’।

কলাপাড়া সিনিয়র মৎস্য কর্মকর্তা অপু সাহা জানান, ‘রোববার সাত মাঝিকে সর্বমোট ১ লাখ ৯০ হাজার টাকা জরিমানা করে ছেড়ে দিয়েছি।’
উল্লেখ্য, গত ২০ মে থেকে শুরু হয়েছে সমুদ্রে মাছ ধরার ৬৫ দিনের নিষেধাজ্ঞা। এটি চলবে আগামী ২৩ জুলাই পর্যন্ত।
এসএমএম/জিকেএস
সর্বশেষ - দেশজুড়ে
- ১ স্বেচ্ছাসেবক দলের নেতাকে গ্রেফতার করায় র্যাবের ওপর হামলা, বাইকে আগুন
- ২ ঢাকাস্থ বদলগাছী সমিতির ইফতার ও নবনির্বাচিত এমপিকে সংবর্ধনা
- ৩ বর্তমান সরকার কারও প্রতিপক্ষ নয়: প্রতিমন্ত্রী নুর
- ৪ ৫২০ নয়, কুমিল্লায় বরাদ্দ এসেছে ৫০০ কার্টন খেজুর: জেলা প্রশাসক
- ৫ নির্মাণ শেষ হওয়ার আগেই ধসে পড়লো ব্যায়ামাগারের ছাদ