ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

স্কুলমাঠে আলুর স্তূপ, পচন ধরে ব্যাহত পাঠদান

জেলা প্রতিনিধি | রাজশাহী | প্রকাশিত: ০৯:১৩ পিএম, ০৪ এপ্রিল ২০২২

রাজশাহীর তানোর উপজেলার কামারগাঁ ইউপির চাঔড় নিম্ম মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে প্রায় একমাস ধরে পাশের জমি থেকে উত্তোলন করা আলু রেখেছে একটি কোম্পানি। আলুতে পচন ধরেছে। আলু পচা গন্ধে ব্যাহত হচ্ছে বিদ্যালয়ের পাঠদান কর্মসূচি।

সংশ্লিষ্ট সূত্র বলছে, তানোর-চৌবাড়িয়া রাস্তা সংলগ্ন চাঔড় নিম্ন মাধ্যমিক বিদ্যালয়টির অবস্থান মালার মোড়ের পাশে। এর পাশে আরও একটি স্কুল ও মাদরাসা রয়েছে। স্কুলের সামনে রয়েছে বিশাল মাঠ। আশপাশের এলাকা থেকে আলু সংগ্রহ করে স্কুলমাঠে রেখেছে এগ্রি কনসার্ন নামের একটি কোম্পানি।

দীর্ঘদিন ফেলে রাখায় ভ্যাপসা গরমে আলুতে পচন ধরেছে। আলু পচা গন্ধে শিক্ষক-শিক্ষার্থীরা স্কুলে থাকতে পারছেন না। যারা স্কুলে আসছেন তারা গন্ধে ক্লাস থেকে বের হতে পারছেন না।

নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন শিক্ষক বলেন, স্কুলমাঠ থেকে আলু সরিয়ে নিতে আমরা একাধিকবার এগ্রি কনসার্নের মালিক শেখ আব্দুল কাদেরসহ অনেককে বলেছি। কিন্তু তারা কথা শুনছেন না।

আলু রাখার জন্য স্কুলমাঠ ভাড়া দিয়েছেন কি না জানতে চাইলে প্রধান শিক্ষক সুলতান আহম্মেদ বলেন, ভাড়া দেওয়ার প্রশ্নই ওঠে না। তারা স্কুল কর্তৃপক্ষকে না বলে ওই জায়গা ব্যবহার করছে।

এ ব্যাপারে এগ্রি কনসার্নের ব্যবস্থাপনা পরিচালক শেখ আব্দুল কাদের বলেন, ‘আমরা কোম্পানির ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করছি। কিন্তু তাদের সঙ্গে যোগাযোগ করা সম্ভব হচ্ছে না। তাছাড়া আমরা তো সারা জীবন থাকবো না। পচা আলু সরিয়ে ফেলা হবে।’

এগ্রি কনসার্ন নামের কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক শেখ আব্দুল কাদের উপজেলার কামারগাঁ ইউপির চাঔড় গ্রামের মোহাম্মাদ আলীর ছেলে। তিনি হরিপুর গ্রামের আশপাশে ৯০০ বিঘা জমিতে আলুচাষ করেছিলেন।

ফয়সাল আহমেদ/এসআর/এএসএম