ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

কুমিল্লায় বাড়ির পাশের পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু

জেলা প্রতিনিধি | কুমিল্লা | প্রকাশিত: ০৪:৪৭ পিএম, ১৩ এপ্রিল ২০২২

কুমিল্লার দেবীদ্বারে পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। বুধবার (১৩ এপ্রিল) দুপুরে উপজেলার গুনাইঘর দক্ষিণ ইউনিয়নের পদ্মকোট বল্লভপুর গ্রামে এ ঘটনা ঘটে।

নিহতরা হলো- গুনাইঘর দক্ষিণ ইউনিয়নের বল্লভপুর গ্রামের মৃত কামরুজ্জামান মিয়ার মেয়ে তানহা আক্তার (৯) ও একই বাড়ির মাইন উদ্দিন মিয়ার মেয়ে মাহিয়া আক্তার (৭)। তারা দুইজন সম্পর্কে চাচাতো বোন।

স্থানীয়রা জানান, পরিবারের সদস্যদের অগোচরে তানহা ও মাহিয়া এক সঙ্গে বাড়ির পাশের পুকুরে গোসল করতে নেমে নিখোঁজ হয়। দীর্ঘক্ষণ তাদের না দেখে বিভিন্ন স্থানে খুঁজতে থাকেন স্বজনরা। এক পর্যায়ে দুপুর সাড়ে ১২টার দিকে দুজন পুকুরের পানিতে ভেসে ওঠে। এ সময় স্থানীয়রা তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক দুজনকে মৃত ঘোষণা করেন।

দেবীদ্বার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের দায়িত্বরত চিকিৎসক মারজানা আক্তার জাগো নিউজকে বলেন, দুই শিশুকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়। পরে মরদেহ পরিবারের সদস্যরা বাড়িতে নিয়ে যান।

এ বিষয়ে দেবীদ্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আরিফুর রহমান জাগো নিউজকে বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

জাহিদ পাটোয়ারী/আরএইচ/এএসএম