ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

ধামরাইয়ে নির্মাণাধীন সড়কে গর্ত, বাস উল্টে আহত ১৫

সাভার (ঢাকা) | প্রকাশিত: ০৩:৩৪ পিএম, ২২ এপ্রিল ২০২২

ঢাকার ধামরাইয়ে একটি যাত্রীবাহী বাস উল্টে অন্তত ১৫ জন যাত্রী আহত হয়েছেন। আহতদের উদ্ধার করে স্থানীয় বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়েছে।

শুক্রবার (২২ এপ্রিল) সকাল ১০টার দিকে ঢাকা-আরিচা মহাসড়কের ধামরাইয়ের জয়পুরা বাসস্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী ও ফায়ার সার্ভিস সূত্র জানায়, সকালে হানিফ পরিবহনের একটি যাত্রীবাহী বাস মানিকগঞ্জের দিকে যাচ্ছিল। বাসটি ধামরাইয়ের জয়পুরা এলাকায় পৌঁছলে নির্মাণাধীন সড়কের একটি ছোট গর্তে পড়লে নিয়ন্ত্রণ হরিয়ে আইল্যান্ডে ধাক্কা খায়। পরে ঢাকাগামী একটি প্রাইভেটকারে ধাক্কা দিয়ে বাসটি উল্টে যায়। এসময় প্রাইভেটকারটি দুমড়ে-মুচড়ে গেলে চালকসহ বাসের প্রায় ১৫ জন যাত্রী আহত হন।

jagonews24

প্রাথমিকভাবে আহতদের বিস্তারিত পরিচয় পাওয়া যায়নি। বাসটি সড়কের মাঝে উল্টে গেলে যান চলাচলে বিঘ্ন ঘটে। ঘটনার পরপরই ধামরাই উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হোসাইন মোহাম্মদ হাই জকি ঘটনাস্থল পরিদর্শন করেন।

ইউএনও বলেন, আহতদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়েছে। সড়ক ও জনপথ (সওজ) বিভাগের কর্মকর্তাদের খবর দেওয়া হয়েছে। সড়কের গর্তটি দেখে তারা ব্যবস্থা নেবেন।

মাহফুজুর রহমান নিপু/এসআর/এএসএম