মা-ভাই জানেন না রানা বেঁচে নেই
নিহত রানা মিয়া
চট্টগ্রামের সীতাকুণ্ডে কনটেইনার ডিপোর আগুন নেভাতে গিয়ে প্রাণ হারান মানিকগঞ্জের রানা মিয়া (২২)। রোববার (৫ জুন) দুপুরে রানার মরদেহ শনাক্ত করেন তার দুলাভাই বিজিবি সদস্য রাসেল শেখ। রানার গ্রামের বাড়ি জেলার শিবালয় উপজেলার নবগ্রাম গ্রামে।
শিবালয় ইউনিয়ন পরিষদের ৮ নম্বর ওয়ার্ড সদস্য মনির হোসেন জানান, রানার বাবা পান্নু মিয়া ঢাকায় থাকেন। তারা তিন ভাইবোন। তার ছোট ভাই ও মা জানেন না রানা মিয়া আগুন নেভাতে গিয়ে জীবন দিয়েছেন। রানার মরদেহ শনাক্ত হওয়ার পর তার মামা ইউসুফ আলী চট্টগ্রাম মেডিকেল কলেজে গেছেন।
শিবালয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আলাল উদ্দিন আলাল জানান, রানা মিয়া চট্টগ্রামের কুমিরা ফায়ার স্টেশনে কর্মরত ছিলেন। শনিবার রাতে সীতাকুণ্ডে বিএম কনটেইনার ডিপোর আগুন নেভাতে গিয়ে নিখোঁজ হন।
রানা মিয়া ২০২০ সালে ফায়ার সার্ভিসে যোগ দেন। বর্তমানে তিনি চট্টগ্রামের কুমিরা ফায়ার স্টেশনে কর্মরত ছিলেন। ব্যক্তিগত জীবনে তিনি অবিবাহিত।
শিবালয় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহিন বলেন, ফায়ার সার্ভিসের একজন সদস্য চট্টগ্রামে সীতাকুণ্ডে নিহত হয়েছেন। যার বাড়ি শিবালয়ের নবগ্রামে। শিবালয় ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের কর্মকর্তা মজিবুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।
বি.এম খোরশেদ/আরএইচ
সর্বশেষ - দেশজুড়ে
- ১ তেল পাম্পে ম্যাজিস্ট্রেটের সঙ্গে অসদাচরণ, যুবকের কারাদণ্ড
- ২ চাঁপাইনবাবগঞ্জে হাম উপসর্গ নিয়ে একদিনে হাসপাতালে ভর্তি ৫০ শিশু
- ৩ ঘুমন্ত ছেলেসহ ৩ জনকে কুপিয়ে ছাদ থেকে লাফিয়ে কনস্টেবলের মৃত্যু
- ৪ ফরিদপুরে বাস-পিকআপের মুখোমুখি সংঘর্ষ, নিহত বেড়ে ২
- ৫ মৃৎশিল্পীদের ব্যস্ততা তুঙ্গে, বৈশাখী উৎসব ঘিরে ঘুরে দাঁড়ানোর স্বপ্ন