এমপি বাহারকে নির্বাচনী এলাকা ছাড়তে বললো ইসি
আ ক ম বাহাউদ্দিন বাহার। ছবি: সংগৃহীত
কুমিল্লা-৬ (সদর) আসনের সংসদ সদস্য আ ক ম বাহাউদ্দিন বাহারকে সিটি করপোরেশনের নির্বাচনী এলাকা ছাড়তে চিঠি দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।
বুধবার (৮ জুন) নির্বাচন কমিশন থেকে এ চিঠি দেওয়া হয়। সন্ধ্যায় কুমিল্লা সিটি করপোরেশন (কুসিক) নির্বাচনের রিটার্নিং অফিসার শাহেদুন্নবী চৌধুরী জাগো নিউজকে এ তথ্য নিশ্চিত করেন।
গত ৬ জুন নির্বাচন কমিশনে একটি লিখিত অভিযোগ জমা দেন স্বতন্ত্র মেয়র প্রার্থী মনিরুল হক সাক্কু। তিনি এমপি বাহাউদ্দিন বাহারের বিরুদ্ধে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ আনেন।
অভিযোগে বলা হয়, বাহাউদ্দিন বাহার কুমিল্লা মহানগর আওয়ামী লীগ কার্যালয়ে মহানগর ও আদর্শ সদর উপজেলার আওয়ামী লীগ এবং অঙ্গসংগঠনের নেতাকর্মীদের নিয়ে নির্বাচনী সভা করেছেন। এছাড়া তিনি বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান, ধর্মীয় প্রতিষ্ঠানের সদস্যদের সঙ্গে নির্বাচন সংক্রান্ত সভা করছেন, যা নির্বাচনী আইনের লঙ্ঘন।
সাক্কু আরও অভিযোগ করেন, এমপি বাহার সদর দক্ষিণ ও লালমাই এলাকার আওয়ামী লীগ নেতাকর্মীদের নিয়ে নির্বাচনে অংশগ্রহণের বিষয়ে বিভিন্ন দিকনির্দেশনামূলক সভা করছেন। এতে নির্বাচনের শান্তি-শৃঙ্খলা ব্যাহত হচ্ছে।
অভিযোগে তিনি সংসদ সদস্যকে নিজ এলাকায় অবস্থানের পাশাপাশি এ ধরনের সভায় অংশগ্রহণ থেকে বিরত রাখতে নির্বাচন কমিশনকে ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান।
জাহিদ পাটোয়ারী/এএএইচ/জিকেএস
সর্বশেষ - দেশজুড়ে
- ১ বরিশালে সেতুর মালামাল চুরির ঘটনায় ছাত্রদল ও যুবদল নেতা কারাগারে
- ২ কুষ্টিয়ায় এত ক্ষমতা নিয়ে কে চলে আমি দেখবো: আমির হামজা
- ৩ পায়ুপথে বাতাস ঢুকিয়ে শ্রমিক হত্যা, পালিয়েও শেষ রক্ষা হলো না রিহাতের
- ৪ চাঁদা না পেয়ে প্রবাসীর নির্মাণাধীন ভবনের মালামাল লুট
- ৫ বরগুনায় জলদস্যু নির্মূলের দাবিতে জেলে-ট্রলার মালিকদের মানববন্ধন