পুলিশের তাড়া খেয়ে আসর থেকে পালাতে গিয়ে জুয়াড়ির মৃত্যু
ফাইল ছবি
কুমিল্লার বুড়িচংয়ে পুলিশের তাড়া খেয়ে আসর থেকে পালাতে গিয়ে মিজানুর রহমান (৪০) নামের এক জুয়াড়ির মৃত্যু হয়েছে। শুক্রবার (৯ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার সোন্দ্রম দিঘীরপাড় এলাকায় এ ঘটনা ঘটে।
মিজানুর রহমান একই এলাকার শোভারামপুর নোয়াপাড়া মীর বাড়ির মৃত আজিজুর রহমানের ছেলে।
বুড়িচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মারুফ রহমান জানান, দুপুরে সোন্দ্রম দিঘির পাড়ে মিজানসহ কয়েকজন মিলে জুয়া খেলছিল। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছালে উপস্থিতি টের পেয়ে তারা পালানোর চেষ্টা করেন। কিছুদূর যাওয়ার পর হঠাৎ মাটিতে লুটিয়ে পড়েন মিজান। এসময় স্থানীয়রা তাকে উদ্ধার করে বুড়িচং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
তিনি আরও জানান, মিজানুর রহমান আগে থেকেই হার্টের রোগী ছিলেন। ধারণা করা হচ্ছে স্ট্রোক করেই তার মৃত্যু হতে পারে। নিহতের পরিবারের কোনো অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়াই পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করা হয়েছে।
জাহিদ পাটোয়ারী/আরএইচ/এএসএম