কুমিল্লার মহাসড়কে ঝরলো ২ প্রাণ
কাভার্ডভ্যানে ধাক্কায় দুমড়ে মুচড়ে যায় বাসের সামনের অংশ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার অংশে পৃথক সড়ক দুর্ঘটনায় দুজন নিহত হয়েছেন। রোববার (২৩ অক্টোবর) সকালে মহাসড়কের চৌদ্দগ্রাম ও বুড়িচং উপজেলা এলাকায় পৃথক দুর্ঘটনা ঘটে।
ময়নামতি হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আকুল চন্দ্র বিশ্বাস ও মিয়াবাজার হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একেএম মঞ্জুরুল হক আখন্দ জাগো নিউজকে এ তথ্য নিশ্চিত করেছেন।
নিহতরা হলেন- কুমিল্লা আদর্শ সদর উপজেলার আনন্দপুর গ্রামের বাসিন্দা মিলন মিয়া (৩৫) ও লক্ষ্মীপুর সদর থানার চর মোহাম্মদপুর গ্রামের সাইদুল ইসলামের ছেলে জাহাঙ্গীর আলম (৪৫)।
ওসি আকুল চন্দ্র বিশ্বাস বলেন, সকাল ৭টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের বুড়িচং উপজেলার নাজিরা বাজার ইউটার্নে সবজিবোঝাই একটি পিকআপ মোড় নেওয়ার সময় উল্টে যায়। এ সময় পিকআপের নিচে চাপা পড়ে রিকশাচালক মিলন মিয়া মারা যান। ঘটনার পর পিকআপচালক পালিয়ে যান। খবর পেয়ে মরদেহ উদ্ধার করে থানায় আনা হয়েছে। পিকআপটিকে জব্দ করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
মিয়াবাজার হাইওয়ে থানার ওসি একেএম মঞ্জুরুল হক আখন্দ বলেন, কক্সবাজার থেকে ঢাকাগামী সেন্টমার্টিন পরিবহনের যাত্রীবাহী বাস রোববার ভোরে মহাসড়কের সুজাতপুর পৌঁছালে দাঁড়িয়ে থাকা লরির পিছনে ধাক্কা দেয়। এতে বাসযাত্রী জাহাঙ্গীর ঘটনাস্থলেই মারা যান। এ ঘটনায় আহত হন অন্তত চারজন। খবর পেয়ে হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তাদের উদ্ধার শেষে চৌদ্দগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। পুলিশ দুর্ঘটনা কবলিত গাড়ি দুটিকে জব্দ করেছে। আইনি প্রক্রিয়া শেষে নিহতের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।
জাহিদ পাটোয়ারী/এসজে/জেআইএম