লাইভে নাম না বলায় সাংবাদিককে মারধর, ছাত্রলীগের ১৩ জনের নামে মামলা
এক সাংবাদিকের পা ভেঙে দেওয়ার ঘটনায় বরিশালের গৌরনদী উপজেলা ছাত্রলীগের ১৩ নেতাকর্মীকে আসামি করে মামলা করা হয়েছে।
সোমবার (১৯ ডিসেম্বর) রাতে গৌরনদী থানায় মামলাটি করেন মোল্লা ফারুক হাসান নামের এক সাংবাদিক।
গৌরনদী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আফজাল হোসেন জাগো নিউজকে মামলার বিষয়টি নিশ্চিত করেছেন।
আসামিরা হলেন গৌরনদী পৌরসভার ৩ নম্বর ওয়ার্ড ছাত্রলীগের সভাপতি রাশেদ হাওলাদার, পৌর ছাত্রলীগকর্মী শামীম দেওয়ান, ছালাম খান, সাঈমুন তালুকদার, হেলাল তালুকদার, সজীব তালুকদার, রাব্বি সরদার ও অন্তর কাজী। বাকি পাঁচজনকে অজ্ঞাতপরিচয় আসামি করা হয়েছে।
মামলা সূত্রে জানা যায়, ১৬ ডিসেম্বর বিজয় দিবসের অনুষ্ঠানে সাংবাদিক মোল্লা ফারুক স্থানীয় একটি অনলাইনে লাইভ করছিলেন। লাইভে ছাত্রলীগ নেতা রাশেদ হাওলাদারের নাম না বলায় তিনি ১০-১২ জন সহযোগীদের নিয়ে তাকে (মোল্লা ফারুক) বেধড়ক মারধর করেন। এতে তার পা ভেঙে যায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন।
ওসি আফজাল হোসেন জানান, মামলায় নামধারী পাঁচজন মঙ্গলবার (২০ ডিসেম্বর) আদালতে আত্মসমর্পণ করেন। বাকি আসামিদের গ্রেফতারের চেষ্টা চলছে।
এদিকে সাংবাদিক নির্যাতনের ঘটনায় অভিযুক্ত গৌরনদী পৌরসভার ৩ নম্বর ওয়ার্ড ছাত্রলীগের সভাপতি রাশেদ হাওলাদারকে দলীয়শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বহিষ্কার করেছে উপজেলা ছাত্রলীগ।
গৌরনদী উপজেলার ছাত্রলীগের সভাপতি জুবায়ের ইসলাম সান্টু ভুঁইয়া বহিষ্কারের বিষয়টি জাগো নিউজকে নিশ্চিত করেছেন।
এসআর/এএসএম