আওয়ামী লীগ বন্দুকের নলে ক্ষমতায় আসে না: স্বরাষ্ট্রমন্ত্রী
স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, আওয়ামী লীগ বন্দুকের নলে ক্ষমতায় আসে না, আওয়ামী লীগ জনগণের ভোটে ক্ষমতায় আসে। দেশের মানুষ এখন উন্নয়ন চায়। তাই উন্নয়নের ধারাকে অব্যাহত রাখতে আগামী নির্বাচনে নৌকা মার্কায় ভোট দিয়ে আওয়ামী লীগকে ক্ষমতায় রাখতে হবে।
শুক্রবার (১০ ফেব্রুয়ারি) বিকেলে কুমিল্লার বুড়িচং-ব্রাহ্মণপাড়া এলাকার দরিয়ারপাড় ঈদগাহ কমপ্লেক্সের উন্নয়নকাজের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
আসাদুজ্জামান খান বলেন, আমাদের সবার প্রিয় নেত্রীর স্বপ্ন ছিল ডিজিটাল বাংলাদেশ করা, তা আজ বাস্তবায়ন হয়েছে। শেখ হাসিনার কোনো বিকল্প নেই। শেখ হাসিনার বিকল্প কেবলই শেখ হাসিনা। এখন স্বপ্ন হচ্ছে স্মার্ট বাংলাদেশ। এটাও হবে ইনশা আল্লাহ।
মন্ত্রী বলেন, আমরা এদেশ থেকে জঙ্গিবাদ দমন করেছি। দেশের জ্বালাও-পোড়াও রাজনীতি বন্ধ করেছি। দেশের জনগণ এখন আর জ্বালাও-পোড়াওয়ের রাজনীতি বিশ্বাস করে না। সব ধরনের ষড়যন্ত্র মোকাবিলা করে উন্নয়নের বাংলাদেশে এগিয়ে যাবো।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন কুমিল্লা-৫ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আবুল হাসেম খান, চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি আনোয়ার হোসেন, কুমিল্লা জেলা প্রশাসক মোহাম্মদ শামীম আলম, পুলিশ সুপার আবদুল মান্নান প্রমুখ।
বুড়িচং-ব্রাহ্মণপাড়া দরিয়ারপাড় ঈদগাহ কমপ্লেক্সের সভাপতি ইঞ্জিনিয়ার জয়নাল আবেদীন চেয়ারম্যানের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, বুড়িচং উপজেলা চেয়ারম্যান আখলাক হায়দার, ব্রাহ্মণপাড়া উপজেলা চেয়ারম্যান আবু জাহের, ব্রাহ্মণপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সোহেল রানা ও বুড়িচং ইউএনও সাহিদা আক্তার।
জাহিদ পাটোয়ারী/এসআর/জিকেএস