রাজশাহীতে স্বামী হত্যার দায়ে স্ত্রী আটক
রাজশাহীর দুর্গাপুর উপজেলায় পরকীয়ায় বাধা দেয়ায় খাবারের সঙ্গে বিষ মিশিয়ে স্বামী শফিকুল ইসলামকে (৪৫) হত্যার অভিযোগ উঠেছে। এ ঘটনায় রোববার রাতে ঘাতক স্ত্রীকে আটক করেছে পুলিশ।
পুলিশ জানায়, উপজেলার বাশাইল গ্রামের শফিকুল ইসলামের স্ত্রী মুনজুয়ারা বেগমের সঙ্গে একই গ্রামের মৃত ইদুর ছেলে আসলাম উদ্দিনের প্রায় দুই বছর ধরে পরকীয়ার প্রেমের সম্পর্ক চলে আসছিল। এ নিয়ে শফিকুল প্রতিবাদ জানিয়ে আসলেও কোনো লাভ হয়নি। উল্টো তার সংসারে বিবাদ লেগেই থাকতো।
এরই ধারাবাহিকতায় শনিবার রাতে স্ত্রী মুনজুয়ারা বেগম প্রেমিক আসলাম উদ্দিনের কথামত শফিকুল ইসলামকে হত্যার উদ্দেশ্যে খাবারের সঙ্গে বিষ মিশিয়ে রাখে। এর পর ওই খাবার রাতে শফিকুলকে খাওয়ায় মুনজুয়ারা। খাবার খেয়ে শফিকুল ইসলাম রাতে ঘুমিয়ে পড়েন। এক পর্যায়ে তিনি অসুস্থ হয়ে পড়েন। এরপর রোববার সকালে তার বাড়ির লোকজন বিষয়টি টের পেয়ে শফিকুলকে দ্রুত উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে ভর্তি করেন। পরে রোববার রাতে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
রাতেই এই খবর ছড়িয়ে পড়লে স্ত্রী মুনজুয়ারার প্রেমিক আসলাম উদ্দিন এলাকা থেকে পালিয়ে যায়। পরে দুর্গাপুর থানা পুলিশ খবর পেয়ে শফিকুল ইসলামের বাড়িতে অভিযান চালিয়ে তার স্ত্রীকে আটক করে থানায় নিয়ে আসে। এ ঘটনায় দুর্গাপুর থানায় নিহত শফিকুলের বাবা বেরাজ উদ্দিন বাদী হয়ে মুনজুয়ারা ও আসলামকে আসামি করে একটি হত্যা মামলা দায়ের করেছেন।
দুর্গাপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পরিমল কুমার চক্রবর্তী জানান, এ ঘটনায় জড়িত সন্দেহে তার স্ত্রীকে আটক করা হয়েছে। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য রামেক হাসপাতালের মর্গে রয়েছে। সোমবার সকালে ময়নাতদন্তের পর তার মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে বলে জানান তিনি।
শাহরিয়ার অনতু/এসএস/এমএস
সর্বশেষ - দেশজুড়ে
- ১ আমরা দুর্নীতিকে প্রশ্রয় দেইনি, ভবিষ্যতেও দেবো না: মির্জা ফখরুল
- ২ প্রথম চারমাস ফ্যামিলি কার্ড প্রতি ১০ হাজার টাকা দেওয়া হবে
- ৩ আ’লীগ অফিসে টানানো ব্যানার পুড়িয়ে দিলেন স্বেচ্ছাসেবক দল নেতাকর্মীরা
- ৪ মসজিদের টাকার হিসাবকে কেন্দ্র করে দু’পক্ষের সংঘর্ষ, নিহত ১
- ৫ ব্যক্তিখাতে কর বাড়ানো হবে না: বাণিজ্যমন্ত্রী