নাজিরপুরে নির্বাচনী সহিংসতায় আহত ৮
পিরোজপুরের নাজিরপুরে নির্বাচনী সহিংসতায় ৮ জন আহত হয়েছেন। রোববার বেলা সাড়ে ১১টার দিকে এ ঘটনা ঘটে।
হামলায় আহতরা হলেন, হাসান শেখ (৪৮), রবিউল ভূঁইয়া (২৩), সজীব শেখ (২৩), আছাদ কবিরাজ (৩২) ও বিনয় মালি (৪৫)। বাকিদের পরিচয় জানা যায়নি। তবে আহতদের স্থানীয়ভাবে চিকিৎসা দেয়া হয়েছে।
জানা যায়, উপজেলার ৭নং শেখমাটিয়া ইউনিয়নের গড়ঘাটা ও রঘুনাথপুরে পৃথক হামলায় আ.লীগ সমর্থিত চেয়ারম্যান ও মেম্বার প্রার্থীর সমর্থকরা বিএনপি সমর্থিত চেয়ারম্যান ও মেম্বার প্রার্থীর সমর্থকদের উপর এ হামলা করেন।
ওই ইউনিয়নের ধানের শীষ প্রতীকের চেয়ারম্যান প্রার্থী মো. তৌহিদুল ইসলাম অভিযোগ করেন, রোববার বেলা সাড়ে ১১টার দিকে তার ৫ থেকে ৬ জন কর্মী গরঘাটা হরিসভা মন্দিরের কাছে পোস্টার সাটাচ্ছিলেন। এমন সময় নৌকা প্রতীকের সমর্থক ও স্থানীয় আ.লীগ কর্মী তুহিন শেখ, মোয়াজ্জেম শিকদার, একরামুল শিকদার, খোকন মোল্লাসহ ১০ থেকে ১২ জন কর্মী মোটরসাইকেলে করে এসে তাদের উপর হামলা চালায়।
আহতরা জানান, এ ব্যাপারে কোনো আইনী ব্যবস্থা নিলে তাদের বাড়ি-ঘর পুড়িয়ে দেয়া হবে বলে হামলাকারিরা হুমকি দেন।
এ ব্যাপারে নৌকা প্রতীকের চেয়ারম্যান প্রার্থী মো. কাইয়ুমুজ্জামান জানান, তিনি ঘটনার সময় এলাকায় ছিলেন না। ঘটনাটি মোবাইল ফোনে শুনে ইউনিয়ন আ.লীগ সভাপতিকে বিষয়টি নিয়ন্ত্রণের অনুরোধ জানিয়েছেন।
এ ছাড়া রোববার ১২টার দিকে একই ইউনিয়নের ২নং ওয়ার্ডের ইউপি সদস্য প্রার্থী মো. মোস্তাজির মোল্লার পোস্টার স্থানীয় রঘুনাথপুর হাইস্কুল এলাকায় লাগানোর সময় তার স্কুল পড়ুয়া ছেলে সাকিল আহম্মেদসহ (১২) ৩ জনকে বেদম মারধর করে স্থানীয় আ.লীগ সমর্থিত মেম্বার প্রার্থী মো. জাকির শেখের সমর্থকরা।
এসময় সাকিল আহম্মেদকে পার্শ্ববর্তী একটি ডোবায় ফেলে সেখানের পানিতে চুবানো হয়।
হাসান মামুন/এমএএস/পিআর
সর্বশেষ - দেশজুড়ে
- ১ সন্ত্রাসীদের কেন্দ্র দখল করতে এলে প্রতিহত করতে হবে: ডা. তাহের
- ২ চাঁদাবাজদের কবল থেকে মুক্ত পেতে হাতপাখায় ভোট দিন মুফতি: ফয়জুল করীম
- ৩ নারায়ণগঞ্জে স্বতন্ত্র প্রার্থীর গাড়ি ভাঙচুরের অভিযোগ
- ৪ জামায়াতকে ভোট দিয়ে ঈমান-আকিদা নষ্ট করবেন না: বিএনপি নেতা দুলু
- ৫ গাজীপুরের পাঁচ আসনে জয়ের বিকল্প ভাবছে না বিএনপি-জামায়াত