ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

জায়নামাজে রক্তাক্ত অবস্থায় পড়ে ছিলেন বৃদ্ধা

জেলা প্রতিনিধি | কুমিল্লা | প্রকাশিত: ১২:৩৮ পিএম, ২৭ জুলাই ২০২৩

কুমিল্লার নাঙ্গলকোটে রাশেদা বেগম (৫৫) নামে এক বৃদ্ধার রক্তাক্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। বুধবার (২৬ জুলাই) সন্ধ্যায় উপজেলার জোড্ডা পশ্চিম ইউনিয়নের গোহারুয়া গ্রামে এ ঘটনা ঘটে।

রাশেদা বেগম একই এলাকার মৃত আবুল কাশেমের স্ত্রী। তার এক ছেলে ও এক মেয়ে রয়েছে।

স্থানীয়রা জানান, রাশেদা বেগম তার বেলজিয়াম প্রবাসী ছেলে বেলাল হোসেনের স্ত্রীসহ একই ঘরে বসবাস করতো। কিছুদিন আগে তার পুত্রবধূ গোহারুয়া গ্রামে বাবার বাড়িতে যান। বুধবার সন্ধ্যায় বাড়ির লোকজন বৃদ্ধা রাশেদার ঘরে গোংরানির শব্দ শুনে সেখানে গিয়ে তাকে রক্তাক্ত অবস্থায় জায়নামাজে পড়ে থাকতে দেখে। পরে উদ্ধার করে নাঙ্গলকোটের একটি হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। খবর পেয়ে নাঙ্গলকোট থানা পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠান।

আরও পড়ুন: হতাশাগ্রস্ত যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

জোড্ডা পশ্চিম ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান জসিম উদ্দিন জাগো নিউজকে বলেন, রাতে স্থানীয়দের মাধ্যমে শুনেছি রাশেদা বেগম নামে এক বৃদ্ধাকে দুর্বৃত্ত হত্যা করে স্বর্ণালঙ্কার ও মোবাইল ফোন নিয়ে গেছে। বৃহস্পতিবার সকালে ঘটনাস্থল পরিদর্শন করেছি। আশা করছি আইনশৃঙ্খলাবাহিনী প্রকৃত দোষীদের গ্রেফতার করে আইনের আওতায় আনবেন।

নাঙ্গলকোট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফারুক হোসেন বলেন, ময়নাতদন্তের রিপোর্ট পেলে মৃত্যুর আসল কারণ জানা যাবে। তদন্তের স্বার্থে এর চেয়ে বেশি কিছু বলা যাচ্ছে না।


জাহিদ পাটোয়ারী/জেএস/জিকেএস