রংপুরে ছাত্রলীগের ১৪ নেতাকে অব্যাহতি
সংগঠনবিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে এবার রংপুরে ছাত্রলীগের ১৪ জনকে পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। রোববার (২০ আগস্ট) রাতে রংপুর জেলা ছাত্রলীগের সভাপতি এসএম সাব্বির আহমেদ ও সাধারণ সম্পাদক একেএম তানিম আহসান চপলের সই করা এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়েছে, রংপুর জেলা ছাত্রলীগের এক জরুরি সিদ্ধান্ত মোতাবেক সম্প্রতি ঘটে যাওয়া অনাকাঙ্ক্ষিত ঘটনার প্রেক্ষিতে শৃঙ্খলা পরিপন্থি, অপরাধমূলক এবং সংগঠনের মর্যাদা ক্ষুণ্ন হয় এমন কার্যকলাপে জড়িত থাকার অভিযোগে রংপুর জেলা ছাত্রলীগের সহ-সভাপতি বেলাল হোসেন আপেল ও ইয়াসিন আরাফাত শুভ, বদরগঞ্জ উপজেলা ছাত্রলীগের সহ-সভাপতি জান্নাতুল ফেরদৌস তুফান ও ময়নুল ইসলাম শাকিল, পীরগাছা উপজেলা ছাত্রলীগের সহ-সভাপতি রায়হান সরকার, গঙ্গাচড়া উপজেলা ছাত্রলীগের উপ-ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা বিষয়ক সম্পাদক শাকিল আহমেদকে অব্যাহতি দেওয়া হয়েছে।
এছাড়াও কাউনিয়া উপজেলা ছাত্রলীগের সদস্য রেজোয়ান রিংকু, পীরগাছা উপজেলার ৩নং ইটাকুমারী ইউনিয়ন ছাত্রলীগের সহ-সভাপতি সোহান মিয়া, একই উপজেলার ৬ নং তাম্বুলপুর ইউনিয়ন ছাত্রলীগের সহ-সভাপতি মাহমুদুল হাসান মানিক, ৮নং কৈকুড়ী ইউনিয়ন ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক লিমন মোল্লা, গঙ্গাচড়া উপজেলার ৬নং গজঘণ্টা ইউনিয়নের সহ-সভাপতি আল মেহেদী হাসান, যুগ্ম সাধারণ সম্পাদক এ আর আরমান খান, দফতর সম্পাদক রাশেদ খান আবির এবং বড়বিল ইউনিয়নের ৭নং ওয়ার্ড ছাত্রলীগের সভাপতি সাগর ইসলামকে তাদের স্ব স্ব পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।
একই সঙ্গে স্থায়ীভাবে বহিষ্কারের জন্য বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় নির্বাহী সংসদের কাছে সুপারিশ করা হলো।
১৪ জনের মধ্যে রংপুর জেলা ছাত্রলীগের সহ-সভাপতি ইয়াসিন আরাফাত শুভ ধর্ষণ মামলার আসামি।
গত ২৬ জুন দিনগত রাতে পীরগঞ্জ থানায় ইয়াছিন আরাফাত শুভকে আসামি করে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলাটি করেন ভুক্তভোগী এক গৃহবধূ।
এর আগে ২৫ জুন রাতে পীরগঞ্জ উপজেলার মিঠিপুর ইউনিয়নের কুতুবপুর এলাকার ওই গৃহবধূ রাত সাড়ে ১২টার দিকে ঘর থেকে প্রকৃতির ডাকে সাড়া দিতে বের হলে আগে থেকে ওঁৎ পেতে থাকা ইয়াছিন আরাফাত শুভ পেছন থেকে তার মুখ চেপে ধরে পাশের এক মাটির ঘরে তুলে নিয়ে যান। এ সময় গৃহবধূকে খুন করার ভয়ভীতি দেখিয়ে ধর্ষণ করেন ইয়াছিন। পরে গৃহবধূর স্বামী টর্চলাইট নিয়ে তাকে খুঁজতে বের হলে ধর্ষণের দৃশ্য দেখে চিৎকার দিলে শুভ পালিয়ে যান।
জিতু কবীর/এমআরএম
সর্বশেষ - দেশজুড়ে
- ১ গাইবান্ধায় স্কুল শিক্ষিকার হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
- ২ গাজীপুরে মাদরাসা শিক্ষার্থীসহ দুজনের আগুন পোড়া মরদেহ উদ্ধার
- ৩ প্রবাসীর বাড়িতে বৃদ্ধাকে শ্বাসরোধে হত্যা, হাত-পা বাঁধা পুত্রবধূ উদ্ধার
- ৪ চোরাই গরু দিয়ে ইফতার, প্রবাসীর সম্পৃক্ততা নেই দাবি স্থানীয়দের
- ৫ ইভটিজিংয়ে বাধা দেওয়া নিয়ে সংঘর্ষে আহত যুবকের মৃত্যু