ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

ব্যবসায়ীর পৌনে ২ কোটি টাকা ছিনিয়ে নিলেন প্রজন্মলীগ নেতা

জেলা প্রতিনিধি | কুমিল্লা | প্রকাশিত: ১০:০৬ পিএম, ০৪ সেপ্টেম্বর ২০২৩

কুমিল্লার দাউদকান্দিতে সাইফুল ইসলাম নামে এক ব্যবসায়ীকে অস্ত্র ঠেকিয়ে পৌনে দুই কোটি টাকা ছিনতাইয়ের অভিযোগ উঠেছে সোহল রানা নামে মুক্তিযোদ্ধা প্রজন্মলীগের এক নেতার বিরুদ্ধে।

এ ঘটনায় সোমবার (৪ সেপ্টেম্বর) দুপুরে পুলিশ অভিযান চালিয়ে সোহল রানার বাসা থেকে ছিনতাই হওয়া এক কোটি ৮ লাখ টাকা উদ্ধার করলেও তাকে আটক করতে পারেনি। সোহল রানা দাউদকান্দি উপজেলা প্রজন্মলীগের সভাপতি।

গেলো রোববার দিনগত রাত পৌনে ২টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের দাউদকান্দি টোলপ্লাজা সংলগ্ন মোহন সিন্ডিকেট পেট্রোল পাম্প এলাকায় ছিনতাইয়ের এ ঘটনা ঘটে।

দাউদকান্দি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাম্মেল হক সোমবার রাত ৯টায় জাগো নিউজকে এ তথ্যটি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, রোববার রাত পৌনে ২টার দিকে ঢাকা থেকে ব্যবসায়ী সাইফুল ইসলাম এক কোটি ৭০ লাখ টাকা নিয়ে কুমিল্লায় ফিরছিলেন। পথে টোলপ্লাজা সংলগ্ন মোহন সিন্ডিকেট পেট্রোল পাম্প এলাকায় সোহল রানাসহ তার সহযোগীরা অস্ত্র ঠেকিয়ে সব টাকা ছিনতাই করে নিয়ে যায়। বিষয়টি জানার পর দুপুরে সোহেল রানা বাড়িতে অভিযান চালিয়ে ১ কোটি ৮ লাখ টাকা উদ্ধার করা হয়।

ওসি আরও বলেন, এ ঘটনায় বিকেল সাড়ে ৪টায় ব্যবসায়ী সাইফুল ইসলাম সোহল রানার নাম উল্লেখ্য করে অজ্ঞাত নামা আরও দু-তিনজন জনের বিরুদ্ধে একটি মামলা করেন। অভিযুক্ত সোহল রানাকে আটক করতে পুলিশ অভিযান অব্যাহত রেখেছে।

এ বিষয়ে জানতে অভিযুক্ত দাউদকান্দি উপজেলা প্রজন্মলীগ সভাপতি সোহল রানাকে একাধিকবার ফোন করা হলেও ফোনটি বন্ধ থাকায় বক্তব্য পাওয়া যায়নি।

জাহিদ পাটোয়ারী/এসজে/এমএস