মামলার রিমান্ড শুনানির আগেই হাজতির মৃত্যু
মাদারীপুর জেলা কারাগারে নিক্সন বেপারী (৩৫) নামে এক হাজতির মৃত্যু হয়েছে। সোমবার (৪ সেপ্টেম্বর) দিনগত রাত সাড়ে ১২টার দিকে মাদারীপুর সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।
নিক্সন বেপারী মাদারীপুরের শিবচর উপজেলার বসুন্ধরা এলাকার মৃত আলতাফ হোসেন বেপারীর ছেলে।
মাদারীপুর জেলা কারাগার সূত্রে জানা যায়, ভুয়া মেজর পরিচয়ে চাঁদাবাজির অভিযোগে শিবচর থানায় একটি মামলা করেন আব্দুল আলিম মিয়া নামে এক ব্যক্তি। এই মামলায় ২১ আগস্ট স্বেচ্ছায় আদালতে হাজির হলে নিক্সনকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। সোমবার রাতে খাওয়ার পর হাজতি নিক্সনের হঠাৎ বুকে ব্যথা হয়। পরে অসুস্থ হয়ে পড়লে কারা কর্তৃপক্ষ তাকে দ্রুত মাদারীপুর সদর হাসপাতালে ভর্তি করেন। মাদারীপুর সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রাত সাড়ে ১২টার দিকে নিক্সন মারা যান। মঙ্গলবার (৫ সেপ্টেম্বর) কারাগারে থাকা নিক্সনের মামলার রিমান্ড শুনানি হওয়ার কথা ছিল।
আরও পড়ুন: পটুয়াখালী কারাগারে কয়েদির মৃত্যু
মাদারীপুর জেলা কারাগারের জেলার তুহিন কান্তি খান বলেন, নিক্সন বেপারী এর আগেও বিভিন্ন মামলায় কারাগারে ছিলেন। পরে জামিন নিয়ে চলে গেছেন। গত ২১ আগস্ট কারাগারে আসার পর থেকেই নিক্সন অসুস্থ ছিলেন। বিষয়টি তার পরিবারও জানেন। আইনি প্রক্রিয়া শেষে হাজতির মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।
মাদারীপুর জেলা কারাগারের চিকিৎসা কর্মকর্তা ডা. অখিল সরকার বলেন, হৃদক্রিয়া বন্ধ হয়ে মারা গেছেন নিক্সন। এরআগেও তিনি ঢাকাসহ বিভিন্ন স্থানে চিকিৎসা নিয়েছেন।
আয়শা সিদ্দিকা আকাশী/জেএস/জিকেএস
সর্বশেষ - দেশজুড়ে
- ১ তিনদিনের ছুটি শেষে কর্মচাঞ্চল্য ফিরেছে বেনাপোল বন্দরে
- ২ মার্কেটের বিদুৎ বিচ্ছিন্ন: মহাসড়ক অবরোধে ব্যবসায়ীরা
- ৩ চাহিদা মতো তেল না পেয়ে পাম্প কর্মচারীদের মারধর করলেন ছাত্রদল নেতারা
- ৪ চাঁপাইনবাবগঞ্জে হামের প্রাদুর্ভাব বেড়েছে, তিন মাসে ৪ শিশুর মৃত্যু
- ৫ রাজশাহী বিভাগে হামের প্রকোপ, মার্চেই আক্রান্ত ৭৭ মৃত্যু ৩