সেই প্রজন্মলীগ নেতার হাতে রক্তমাখা ছুরির ছবি ভাইরাল
কুমিল্লায় এবার সেই মুক্তিযোদ্ধা প্রজন্মলীগ নেতা সোহেল রানার হাতে রক্তমাখা একটি ছবি ভাইরাল হয়েছে। মঙ্গলবার (৫ সেপ্টেম্বর) রাত থেকে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছবিটি ভাইরাল হয়ে পড়ে। এ নিয়ে জেলাজুড়ে চলছে নানান আলোচনা-সমালোচনা।
ভাইরাল ছবিটিতে দেখা যায়, দাউদকান্দি উপজেলা মুক্তিযোদ্ধা প্রজন্মলীগ সভাপতি সোহেল রানাকে রক্তমাখা বিশাল আকৃতির একটি ছুরি হাত উঁচিয়ে উল্লাস করতে দেখা গেছে।
গেলো রোববার (৩ সেপ্টেম্বর) দিনগত রাত পৌনে ২টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের দাউদকান্দি উপজেলার তুজারভাঙ্গা মোহন সিন্ডিকেট পেট্রল পাম্পের ভেতরে সাইফুল ইসলাম নামে এক প্রবাসীর প্রাইভেটকার থামিয়ে সোহেল রানার নেতৃত্বে অস্ত্র ঠেকিয়ে এক কোটি ৭০ লাখ টাকা ছিনতাই করে নিয়ে যান।
খবর পেয়ে সোমবার দুপুরে দাউদকান্দি থানা পুলিশ অভিযান চালিয়ে সোহল রানার খাটের নিচ থেকে ছিনতাই হওয়া ১ কোটি ৮ লাখ টাকা উদ্ধার করলেও এখনো পর্যন্ত বাকি ৬২ লাখ টাকার হদিস পাওয়া যায়নি।
আরও পড়ুন: ব্যবসায়ীর পৌনে ২ কোটি টাকা ছিনিয়ে নিলেন প্রজন্মলীগ নেতা
এ ঘটনায় ওইদিন বিকেল সাড়ে ৪টায় ভুক্তভোগী সাইফুল ইসলাম সোহল রানার নাম উল্লেখ্য করে অজ্ঞাত নামা আরও দু-তিনজন জনের বিরুদ্ধে থানায় একটি মামলা করেন। তবে এ ঘটনার দুদিন অতিবাহিত হলেও অভিযুক্ত সোহল রানাসহ টাকা ছিনতাইয়ের সময় তার সঙ্গে থাকা কাউকে গ্রেফতার করতে পারেনি পুলিশ।
ভুক্তভোগী মালদ্বীপ প্রবাসী সাইফুল ইসলাম কুমিল্লা আদর্শ সদর উপজেলার জগন্নাথপুর ইউনিয়নের আবদুল করিমের ছেলে। তিনি কুমিল্লা নগরীর চকবাজার এলাকায় একটি জায়গা বিক্রি বাবদ রাজধানী থেকে টাকা নিয়ে বাড়ি ফেরার পথে এ ঘটনা।
ভাইরাল ছবির বিষয়ে জানতে অভিযুক্ত দাউদকান্দি উপজেলা মুক্তিযোদ্ধা প্রজন্মলীগ সভাপতি সোহেল রানাকে একাধিকবার ফোন করা হলেও নম্বরটি বন্ধ পাওয়া যায়।
এ বিষয়ে দাউদকান্দি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাম্মেল হক জাগো নিউজকে বলেন, ছিনতাই হওয়া বাকি ৬২ লাখ টাকা এবং এ ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেফতার করতে আমাদের অভিযান অব্যাহত আছে। এছাড়া ভাইরাল ছবিটি এখনো আমাদের নজরে আসেনি। তবে এ বিষয়ে খোঁজ নিচ্ছি।
জাহিদ পাটোয়ারী/এসজে/এমএস