স্কুল থেকে ফেরার পথে শিক্ষকের দুই পায়ের রগ কাটলো দুর্বৃত্তরা
নওগাঁর আত্রাই উপজেলায় স্কুল থেকে ফেরার পথে আবুল হোসেন (৫২) নামে এক শিক্ষকের দুই পায়ের রগ কেটে দিয়েছে দুর্বৃত্তরা। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখান থেকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
সোমবার (২৫ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার পাঁচুপুর মোড় এলাকায় এ ঘটনা ঘটে। আবুল হোসেন আত্রাই উপজেলার বিহারীপুর গ্রামের বাসিন্দা এবং জগদাস উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক।
স্থানীয় সূত্রে জানা গেছে, আবুল হোসেন বিকেলে স্কুল ছুটির পর মোটরসাইকেলে বাড়ি ফিরছিলেন। পথে পাঁচুপুর মোড় এলাকায় পৌঁছালে দুর্বৃত্তরা তার পথরোধ করে মারধর করে। একপর্যায়ে দুই পায়ের গোড়ালির রগ কেটে দিয়ে পালিয়ে যায়। পরে লোকজন তাকে উদ্ধার করে আত্রাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করায়। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
শিক্ষক আবুল হোসেনের শ্বশুর সিরাজুল ইসলাম বলেন, স্কুল থেকে মোটরসাইকেলে বাড়ি ফেরার সময় পথে এ ঘটনা ঘটেছে। জামাইয়ের সঙ্গে তিনি অ্যাম্বুলেন্সে আছেন জানিয়ে এর বেশিকিছু বলতে পারেননি।
আত্রাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক দোলন আক্তার বলেন, আবুল হোসেনের দুই পায়ের গোড়ালি কেবল একটুখানি চামড়ার সঙ্গে লেগে আছে। তাছাড়া প্রায় পুরো গোড়ালিই কাটা। তাকে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।
এ বিষয়ে আত্রাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তারেকুর রহমান সরকার বলেন, ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে। এ ঘটনায় এখন পর্যন্ত কোনো অভিযোগ পাওয়া যায়নি।
এমআরআর/এমএস
সর্বশেষ - দেশজুড়ে
- ১ রাঙ্গামাটি থেকে বেওয়ারিশ কুকুর ভারতে পাচারের অভিযোগ
- ২ সাতক্ষীরায় নিষিদ্ধ আফ্রিকান মাগুরসহ ট্রাক আটক, ব্যবসায়ীকে জরিমানা
- ৩ সৈয়দপুরে আগুনে দুই ব্যাংকসহ পুড়লো ১০ প্রতিষ্ঠান, কোটি টাকার ক্ষতি
- ৪ ইরানের হামলায় নিহত মৌলভীবাজারের সালেহ আহমেদের বাড়িতে শোকের মাতম
- ৫ চট্টগ্রামে জঙ্গলে গলা কাটা সেই শিশুটি মারা গেছে