আমিই প্রথম মুক্তিযোদ্ধাদের কর মওকুফ করেছিলাম : আইভী
নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভী বলেছেন, ২০০৭ সালে পৌরসভার দায়িত্বে থাকাকালে আমিই প্রথম মুক্তিযোদ্ধাদের কর মওকুফ করেছিলাম। তখন বাংলাদেশের কোথাও এমনটি করা হয়নি। এমনকি মন্ত্রণালয়ও এ বিষয়ে কোনো সিদ্ধান্ত দিতে পারেনি।
তিনি বলেন, সে সময় আমাকে শুনতে হয়েছে মামলার আসামি হতে হবে। আমি মুক্তিযোদ্ধার সন্তান হিসেবে মুক্তিযোদ্ধাদের সম্মানার্থে জেলে যাওয়ার জন্য প্রস্তুত ছিলাম। ওই সময়ে আমরা ৩২০ জন মুক্তিযোদ্ধা যাদের নারায়ণগঞ্জ পৌরসভা এলাকায় বাড়ি ছিল তাদের ট্যাক্স মওকুফ করেছিলাম।
সোমবার বিকেলে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের নগর ভবনের সামনে মুক্তিযোদ্ধা পরিবারকে আজীবনের জন্য কর মওকুফের সনদ প্রদান অনুষ্ঠানে আইভী এসব কথা বলেন।
আইভী বলেন, মুক্তিযোদ্ধা পরিবারকে আজীবনের জন্য কর মওকুফে আমাদের দেখে গাজীপুর পৌরসভা উদ্যোগ নিয়েছিল। বহু পরে মুক্তিযোদ্ধাদের কর মওকুফের বিষয়টি সরকার কর্তৃক আলোচনায় আসে। আমরা বিভিন্ন স্থানে যে দোকান নির্মাণ করেছি সেখানেও সরকারের নির্দেশ মোতাবেক সরকারি দর অনুযায়ী মুক্তিযোদ্ধাদের সুবিধা দেয়ার চেষ্টা করেছি। বিভিন্ন স্থানে মুক্তিযোদ্ধা ও ভাষাসৈনিকদের নামে সড়কের নামকরণ করেছি।
তিনি আরো বলেন, মুক্তিযোদ্ধাদের সুযোগ-সুবিধা দেয়ার চেষ্টা করবো। বাংলাদেশ সরকার যে ডিজিটাল বাংলাদেশের রূপকার। আমাদের প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা ডিজিটাল বাংলাদেশ গড়ার জন্য অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন। আমি জানি না আপনাদের জন্য কতটুকু করতে পেরেছি। কিন্তু আলী আহাম্মদ চুনকার সন্তান হিসেবে ছোটবেলা থেকে যা শিখেছি তা হলো অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করা, ন্যায়ের পক্ষে থাকা, মা-বাবা মানুষের সেবা করা। রণাঙ্গনের একজন যোদ্ধার সন্তান হিসেবে আমি চেষ্টা করেছি আপনাদের সর্বোচ্চ সম্মান দিতে।
এদিন সিটি কর্পোরেশনের ২৭টি ওয়ার্ডের ৮২৯ জন মুক্তিযোদ্ধা পরিবারকে আজীবনের জন্য কর মওকুফের সনদ প্রদান করা হয়েছে। ওই সনদ ও মুক্তিযোদ্ধাদেরকে উত্তরীয় পড়িয়ে দেয়া হয়। তখন মুক্তিযোদ্ধাদের আবেগ আপ্লুত বক্তব্য ও ‘জয় বাংলা জয় বঙ্গবন্ধু’ স্লোগানে এক ভিন্ন পরিবেশের সৃষ্টি হয় পুরো অনুষ্ঠান জুড়ে।
সংবর্ধনায় নারায়ণগঞ্জ জেলার বন্দর ও সদর এলাকার মুক্তিযোদ্ধা, মুক্তিযোদ্ধা সংসদের ডেপুটি কমান্ডার প্রমুখ উপস্থিত ছিলেন। তবে জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মোহাম্মদ আলী উপস্থিত না হওয়ায় সমলোচনা সৃষ্টি হয়।
মো. শাহাদাত হোসেন/বিএ
সর্বশেষ - দেশজুড়ে
- ১ বিএনপি-জাপাসহ বিভিন্ন দলের দেড়শতাধিক নেতাকর্মীর জামায়াতে যোগদান
- ২ স্বতন্ত্রের পক্ষে প্রচারণা, বহিষ্কার আতঙ্কে বিএনপির নেতাকর্মীরা
- ৩ জিয়াউর রহমানের জন্মবার্ষিকীতে বিনামূল্যে চিকিৎসা-ওষুধ বিতরণ
- ৪ লক্ষ্মীপুরে ভোটকেন্দ্রের সিসি ক্যামেরা চুরি, ৩ দিনেও আটক নেই কেউ
- ৫ পিরোজপুরে জামায়াত আমিরের জনসভা কাল, ব্যাপক সমাগমের প্রস্তুতি