নৌকাবিরোধীদের হাড় ভাঙার হুমকি
আদালতে গিয়ে জবাব দিলেন আ’লীগ প্রার্থী
আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে ব্যাখা চেয়ে নোটিশের জবাব দিয়েছেন পঞ্চগড়-১ আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী নাঈমুজ্জামান ভূঁইয়া। বুধবার (৬ ডিসেম্বর) দুপুরে নির্বাচন অনুসন্ধান কমিটির চেয়ারম্যান ও যুগ্ম জেলা ও দায়রা জজ মার্জিয়া খাতুনের আদালতে সশরীরে উপস্থিত হলে আদালতের নির্দেশনায় খাস কামরায় গিয়ে তিনি লিখিত জবাব দাখিল করেন।
এর আগে ২ ডিসেম্বর পঞ্চগড় সদর উপজেলার মানিমাছপুকুরী বাজারে নির্বাচনী প্রচারণা অনুষ্ঠানে আওয়ামী লীগের দলীয় প্রার্থী নাঈমুজ্জামান ভূইয়ার উপস্থিতিতে জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আরিফুল ইসলাম পল্লব এক বক্তব্যে নৌকা মার্কা ও নৌকা মার্কার প্রার্থীর বিপরীতে কেউ স্বতন্ত্র প্রার্থীকে সমর্থন করলে সেসব সমর্থকের হাড্ডি ভেঙে দেওয়ার নির্দেশ দেন। এ ঘটনায় প্রার্থীর আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে বুধবার (৬ ডিসেম্বর) দুপুরে সশরীরে উপস্থিত হয়ে লিখিত ব্যাখ্যা দেওয়ার নোটিশ প্রদান করা হয়।
সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিও সূত্রে জানা গেছে, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আরিফুল ইসলাম পল্লব বলেছেন, ‘নির্বাচন যখন আসে, বড় নেতা, ছোট নেতা, মাঝারি নেতা, পাতি নেতা আর থাকে না। আমরা সবাই নৌকার কর্মী। নৌকার বিরুদ্ধে যদি এ অঞ্চলে কেউ কিছু বলে, কোনো বিরোধিতা করে, হাড্ডি ফাটায় দেবেন। আমরা দেখবো ইনশাআল্লাহ।’
জবাব প্রদানের পর আওয়ামী দলীয় প্রার্থী নাঈমুজ্জামান ভূঁইয়া বলেন, সশরীরে উপস্থিত হয়ে আমি বলেছি যে, সরকারদলীয় প্রতিনিধি হলেও আমরাও জবাবদিহিতার বাইরে নই। যিনি ওই বক্তব্য দিয়েছেন সেই বক্তব্য আমার কাছে গ্রহণযোগ্য নয়। সেটা আমার কোনো নির্বাচনী সমাবেশ ছিল না। ইউনিয়ন পর্যায়ের নেতাকর্মীদের সঙ্গে বসেছিলাম। ভবিষ্যতে যাতে আমার সমাবেশ থেকে কেউ এরকম বক্তব্য না দেয়, সে ব্যাপারে আমি সতর্ক থাকবো।
সফিকুল আলম/এফএ/জিকেএস
সর্বশেষ - দেশজুড়ে
- ১ রাঙ্গামাটি থেকে বেওয়ারিশ কুকুর ভারতে পাচারের অভিযোগ
- ২ সাতক্ষীরায় নিষিদ্ধ আফ্রিকান মাগুরসহ ট্রাক আটক, ব্যবসায়ীকে জরিমানা
- ৩ সৈয়দপুরে আগুনে দুই ব্যাংকসহ পুড়লো ১০ প্রতিষ্ঠান, কোটি টাকার ক্ষতি
- ৪ ইরানের হামলায় নিহত মৌলভীবাজারের সালেহ আহমেদের বাড়িতে শোকের মাতম
- ৫ চট্টগ্রামে জঙ্গলে গলা কাটা সেই শিশুটি মারা গেছে