যশোরে নির্মাণ শ্রমিককে ‘ধরে নিয়ে’ গুলি করলো পুলিশ
যশোরের ঝিকরগাছা উপজেলায় ইসরাফিল হোসেন (৩৫) নামে এক নির্মাণ শ্রমিককে পুলিশ ‘ধরে নিয়ে’ গুলি করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। শনিবার রাত ৮ টার দিকে উপজেলার বাঁকড়ার দিগদানা শহিদুল ইসলামের দোকানের সামনে এ ঘটনা ঘটে। পুলিশ তার কাছ থেকে একটি পাইপগান ও এক রাউন্ড গুলি উদ্ধার দেখিয়েছে।
পুলিশের দাবি- ইসরাফিল পুলিশ দেখে গুলি করলে পাল্টা গুলি করা হয়। এতে একটি গুলি তার হাঁটুতে লাগে। গুলিবিদ্ধ ইসরাফিল হোসেন মনিরামপুর উপজেলার চাকলা গ্রামের বাসিন্দা। তাকে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
হাসপাতালে চিকিৎসাধীন ইসরাফিল হোসেন জানিয়েছেন, তিনি একজন নির্মাণ শ্রমিক। ১৯৯৯ সালের দিকে তার নামে ‘ষড়যন্ত্রমূলক’ মামলা ছিল। বর্তমানে তিনি বাঁকড়া এলাকার দিগদানা গ্রামে বসবাস করছেন। শনিবার সন্ধ্যার পর তিনি ঝিকরগাছার দিগদানা গ্রামে শহিদুল ইসলামের দোকানে বসেছিলেন। এসময় পুলিশ তাকে ধরে পায়ে গুলি করে।
রাজগঞ্জ পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই আইনুদ্দিন বলেন, সে ৪/৫ জন নিয়ে নোয়ালী নদীর পাড়ে বসেছিল। পুলিশকে দেখে গুলি করে। তখন আমি নিজে গুলি ছুড়ি। এতে তার হাটুঁর উপরে গুলি লাগে। ইসরাফিলের নামে হত্যা অস্ত্র, ডাকাতিসহ মোট ১৩টি মামলা রয়েছে বলেও জানান তিনি।
মিলন রহমান/এসএইচএস
সর্বশেষ - দেশজুড়ে
- ১ এনসিপির বগুড়া জেলার নেত্রী রাফিয়া সুলতানা আর নেই
- ২ স্কুল ফিডিংয়ের খাবার খেয়ে শিক্ষার্থী অসুস্থ: মেয়াদোত্তীর্ণ রুটি জব্দ
- ৩ ভোট শেষ না হতেই ফলাফল শিটে স্বাক্ষরের অভিযোগ জামায়াত প্রার্থীর
- ৪ বড়লেখায় ৪ হাজার পিস ইয়াবাসহ যুবক গ্রেফতার
- ৫ আত্মগোপণে থাকা আ’লীগ নেতাকে শ্বশুরবাড়ি থেকে তুলে নিয়ে রগ কেটে হত্যা