ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

সিদ্ধিরগঞ্জে উদ্ধারকৃত মরদেহটি দৃক গ্যালারি কর্মকর্তার

প্রকাশিত: ০৯:০৯ এএম, ০৩ এপ্রিল ২০১৬

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের জালকুড়িতে উদ্ধার হওয়া অজ্ঞাত মরদেহের পরিচয় মিলেছে। মরদেহটি রাজধানীর ধানমন্ডির দৃক গ্যালারির হিসাবরক্ষণ কর্মকর্তা এরফান উল ইসলামের (৪৯)। শনিবার বিকেলে মরদেহটি উদ্ধারের সময় পরিচয় না মিললেও রোববার দুপুরে নিহতের পরিবার শনাক্ত করেন।

নিহত এরফান উল ইসলামের বাবার নাম মাহাবুব ইসলাম। এরফান রাজধানীর হাজারীবাগ এলাকায় থাকতেন।
 
সিদ্ধিরগঞ্জ থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) আবিদ হোসেন জানান, শনিবার বিকেলে জালকুড়ির একটি বিল থেকে মরদেহ উদ্ধার করা হয়েছিল। নিহতের শরীরে কোনো আঘাতের চিহ্ন ছিল না। পরে মরদেহ ময়নাতদন্তের জন্য ১০০ শয্যাবিশিষ্ট নারায়ণগঞ্জ জেনারেল হাসাপাতাল মর্গে পাঠানো হয়।
 
সিদ্ধিরগঞ্জ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সরাফতউল্লাহ জানান, রোববার দুপুরে নিহতের পরিবারের লোকজন এসে মরদেহ শনাক্ত করেছেন। তাদের সঙ্গে এ ব্যাপারে আলোচনা চলছে। নিহতের পরিবার জানিয়েছে, বৃহস্পতিবার দুপুরে কোনো একটি ব্যাংকের শাখা থেকে টাকা উত্তোলনের পর থেকেই তিনি নিখোঁজ হন। ময়নাতদন্তের প্রতিবেদনের আগে মৃত্যুর কারণ বলা যাচ্ছে না বলেও জানান তিনি।

হোসেন চিশতী সিপলু/এআরএ/এমএস