ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

৮ বছর পরও স্বামীকে দেখা হলো না সুমির

প্রকাশিত: ০১:০০ পিএম, ০৩ এপ্রিল ২০১৬

৮ বছর পর বিদেশ থেকে স্বামী ফিরছে দেশে। দীর্ঘদিনপর দেখা হবে স্বামী-স্ত্রীর। কিন্তু জীবদ্দশায় সেই দেখা আর হলো না। স্বামীকে বিমানবন্দরে রিসিভ করে আনতে যাওয়ার পথে সড়ক দুর্ঘটনায় মর্মান্তিক মৃত্যু হয়েছে স্ত্রী শামসুন্নাহার সুমির (৩২)।

রোববার সকালে যশোর শহরের খাজুরা বাসস্ট্যান্ডে এ দুর্ঘটনা ঘটে। নিহত সুমি যশোরের মনিরামপুরের মথুরাপুর গ্রামের হাফিজুর রহমানের স্ত্রী।    

নিহতের মামা গাজী মুকিতুল হক ও শ্বশুর ইসহক আলী হাসপাতালে সাংবাদিকদের জানান, হাফিজুর সিঙ্গাপুর থাকেন। প্রায় ৮ বছর পরে ৭ এপ্রিল সে দেশে আসছে। তাকে বিমানবন্দরে রিসিভ করতে হাফিজুরের স্ত্রী শামসুন্নাহার সুমি ও মেয়ে কানিশা আগে ভাগে ঢাকার পথে রওনা দেন। তারা ঢাকায় পৌঁছে এক আত্মীয়ের বাসায় থাকতে চেয়েছিলেন। এজন্য রোববার সকালে মনিরামপুর থেকে ভাড়ার মোটরসাইকেলে যশোর শহরের খাজুরা বাসস্ট্যান্ডের উদ্দেশ্যে রওনা দেন। সেখান থেকে হানিফ পরিবহনযোগে যেতে চেয়েছিলেন। কিন্তু খাজুরা বাসস্ট্যান্ডের ট্রাফিক মোড় ঘুরতেই মোটরসাইকেলের পেছন থেকে পড়ে যান মা ও মেয়ে। মাথায় প্রচণ্ড আঘাত পেয়ে মারা যান মা শামসুন্নাহার সুমি ও আহত হয় মেয়ে কানিশা।

মা ও মেয়ের হতাহতের ঘটনাটি নিশ্চিত করেছেন যশোর কোতয়ালি থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইলিয়াস আলী।

মিলন রহমান/এমএএস/পিআর