ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

আড়াই ঘণ্টা পর ঢাকা-চট্টগ্রাম ট্রেন চলাচল স্বাভাবিক

জেলা প্রতিনিধি | কুমিল্লা | প্রকাশিত: ১১:২৯ এএম, ২৮ ডিসেম্বর ২০২৩

ঢাকা-চট্টগ্রাম রেললাইনের ওপর পণ্যবাহী লরি উল্টে আড়াই ঘণ্টা ট্রেন চলাচল বন্ধ থাকার পর পুনরায় স্বাভাবিক হয়েছে। এ ঘটনায় লাকসাম জংশনে আটকা পড়েছে ঢাকামুখি চট্টলা এক্সপ্রেস।

বৃহস্পতিবার (২৮ ডিসেম্বর) সকাল পৌনে ৭টার দিকে কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার কুমিল্লা-নোয়াখালী আঞ্চলিক মহাসড়কের বিজয়পুর রেল গেইট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

কুমিল্লা রেলওয়ের ঊর্ধ্বতন উপসহকারী প্রকৌশলী লিয়াকত আলী মজুমদার জানান, কুমিল্লা থেকে নোয়াখালীগামী পণ্যবাহী একটি লরি বিজয়পুর রেল গেইট এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। এ সময় সড়কের পাশে দাঁড়িয়ে থাকা দুটি সিএনজিকে চাপা দিলে সেগুলোও দুমড়ে-মুচড়ে যায়। খবর পেয়ে রেললাইনের ওপর থেকে দুর্ঘটনা কবলিত লরিটি সরিয়ে নেওয়া হয়েছে।

এ ঘটনায় লাকসাম জংশনে আটকা পড়েছে ঢাকামুখি চট্টলা এক্সপ্রেস। সকাল সাড়ে ৯টা থেকে ঢাকা-চট্টগ্রাম রেললাইনে ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে।

লাকসাম রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুরাদ উল্লাহ বাহার জানান, সড়কের পাশে দাঁড়িয়ে থাকা দুটি সিএনজি দুমড়ে-মুচড়ে যায়। তবে এ ঘটনায় কেউ মারা যায়নি। দুর্ঘটনাস্থল থেকে লরিটি সরিয়ে নেওয়া হয়েছে। বর্তমানে কুমিল্লা-নোয়াখালী আঞ্চলিক মহাসড়কেও যান চলাচল স্বাভাবিক রয়েছে।

জাহিদ পাটোয়ারী/এফএ/এএসএম