ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

মাইজভাণ্ডারীর ওরশে লাখো ভক্তের ঢল

প্রকাশিত: ০৩:৫২ পিএম, ০৪ এপ্রিল ২০১৬

মাইজভাণ্ডার দরবার শরীফের প্রখ্যাত অলি হযরত সৈয়দ গোলামুর রহমান মাইজভাণ্ডারী প্রকাশ বাবা ভাণ্ডারী এর ৮০তম ওরশ শরীফ উপলক্ষে দেশ-বিদেশের লাখো ভক্তের আগমনে মুখরিত হয়ে উঠেছে মাইজভাণ্ডার শরীফ। মঙ্গলবার ২২ চৈত্র উপলক্ষে রোববার থেকে চার দিনের বিশেষ কর্মসূচি গ্রহণ করেছে মাইজভাণ্ডার রহমান মঞ্জিল কর্তৃপক্ষ।

কর্মসূচির মধ্যে রয়েছে- মাইজভাণ্ডার দরবার শরীফের সকল মঞ্জিলে কোরআন খতম, খতমে গাউছিয়া, খতমে খাজেগান, মিলাদ মাহফিল, হালকায়ে জিকির, ছেমা মাহফিল, বিশেষ মুনাজাদ ও সকল মাজার গুলোকে আলোক সজ্জার ব্যবস্থা করেছে।

বাবা ভাণ্ডারীর মাজার শরীফে গোসল ও গিলাফ চড়ানোর মাধ্যমে ওরশের আনুষ্ঠানিক সূচনা হয়। মঙ্গলবার রাত ১০.০১ মিনিটে স্ব-স্ব মঞ্জিলের শাজ্জাদানশীনেদের আখেরি মুনাজাত ও রাতে হালকায়ে জিকির মাহফিলের মাধ্যমে ওরশ শরীফ শেষ হবে।

এদিকে লাখো ভক্তের সমাগম সমন্বয় করতে ফটিকছড়ি উপজেলা প্রশাসন ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে। আইন-শৃংখলা রক্ষায় থানা পুলিশ-র্যাব-আনসার ও দুই সহস্রাধিক বিশেষ স্বেচ্ছাসেবক বাহিনী নিয়োজিত রয়েছে।

ফটিকছড়ির উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. নজরুল ইসলাম বলেন, ওরশ উপলক্ষে ক্লোজ-সার্কিট ক্যামরা ও ভিডিও চিত্র ধারণের মাধ্যমে সার্বক্ষণিক নজরদারি করা হচ্ছে। দ্রব্যমূল্য নিয়ন্ত্রণসহ গুরুত্বপূর্ণ বিষয়ে সিদ্ধান্তের জন্য একজন নির্বাহী ম্যাজিস্ট্রেটের সমন্বয়ে ভ্রাম্যমাণ আদালত সব সময় টহলরত আছে। যানবাহন পার্কিং এর জন্য বিশেষ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

জীবন মুছা/এসএইচএস/পিআর