ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

পদ্মায় বাসডুবি

দুই মরদেহ ও জীবিত একজনকে উদ্ধার, তিনজনই নারী

জেলা প্রতিনিধি | রাজবাড়ী | প্রকাশিত: ০৮:২২ পিএম, ২৫ মার্চ ২০২৬

রাজবাড়ীর দৌলতদিয়ায় পদ্মা নদীতে সৌহার্দ্য পরিবহনের একটি যাত্রীবাহী বাস ডুবে যাওয়ার ঘটনায় এখন পর্যন্ত দুজনের মরদেহ ও একজনকে জীবিত উদ্ধার করা হয়েছে। তিনজনই নারী। তবে ৪০ জনের মতো মরদেহ পানির নিচে রয়েছে বলে ধারণা করছে ফায়ার সার্ভিস।

নিহতরা হলেন রাজবাড়ীর ভবানীপুরের বাসিন্দা রেহেনা (৫৫) ও মর্জিনা (৬০)। জীবিত নারীর নাম নুসরাত (২৯)। তিনি পেশায় একজন চিকিৎসক। তার বাড়িও ভবানীপুরে।

বুধবার (২৫ মার্চ) বিকেলে গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়ার ৩ নম্বর ফেরিঘাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

ফরিদপুর ফায়ার সার্ভিসের কমান্ডার মো. বেলাল উদ্দিন জাগো নিউজকে মরদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, রাত সোয়া ৮টা পর্যন্ত দুই নারীর মরদেহ ও একজনকে উদ্ধার করা হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ৪০ জনের মতো মরদেহ পানির নিচে রয়েছে।

তিনি আরও বলেন, ফরিদপুর ফায়ার সার্ভিসের দুজন ডুবুরি, দুজন সহকারী ডুবুরি উদ্ধারকাজে অংশ নিয়েছেন। পাশাপাশি পাঁচ সদস্যবিশিষ্ট ফায়ার সার্ভিসের একটি দল উদ্ধারকাজে অংশ নিয়েছে।

দৌলতদিয়া ফেরিঘাটে দায়িত্বপ্রাপ্ত পরিবহনের ঘাট তত্ত্বাবধায়ক মো. মনির হোসেন জানান, বিকেল ৫টার দিকে সৌহার্দ্য পরিবহনের যাত্রীবাহী বাসটি দৌলতদিয়ার তিন নম্বর ঘাটে আসে। এসময় ঘাটে থাকা একটি ফেরি যানবাহন নিয়ে মানিকগঞ্জের পাটুরিয়ার উদ্দেশে ছেড়ে যায়। অল্পের জন্য তাতে উঠতে না পারায় অপর ফেরির জন্য বাসটি অপেক্ষা করছিল। সোয়া ৫টার দিকে ওই ঘাটে ‘হাসনা হেনা’ নামের একটি ইউটিলিটি (ছোট) ফেরি এসে সজোরে পন্টুনে আঘাত করে। ফেরির ধাক্কায় নিয়ন্ত্রণ হারিয়ে বাসটি পদ্মা নদীতে পড়ে যায়।

তিনি আরও জানান, বাসে নারী-শিশুসহ অন্তত ৪০ জন যাত্রী ছিলেন। এরইমধ্যে কয়েকজন যাত্রী ওপরে উঠতে পারলেও বেশিরভাগ যাত্রী বাসের ভেতর আটকা পড়েছে।

রুবেলুর রহমান/এসআর/জেআইএম

টাইমলাইন

  1. ০৯:৪৩ পিএম, ২৫ মার্চ ২০২৬ দৌলতদিয়া ফেরিঘাটে স্বজনদের অপেক্ষা-আহাজারি
  2. ০৯:২৪ পিএম, ২৫ মার্চ ২০২৬ পানির ৯০ ফুট গভীরে রয়েছে বাসটি, উদ্ধারকাজে বৃষ্টির বাগড়া
  3. ০৮:৪৯ পিএম, ২৫ মার্চ ২০২৬ ৪০ সিটের বাসটিতে যাত্রী ছিলেন ৫০ জন: কুমারখালী কাউন্টার মাস্টার
  4. ০৮:৩৬ পিএম, ২৫ মার্চ ২০২৬ বাস উদ্ধারে ‘হামজা’ ও ডুবুরি দলের অভিযান শুরু
  5. ০৮:২২ পিএম, ২৫ মার্চ ২০২৬ দুই মরদেহ ও জীবিত একজনকে উদ্ধার, তিনজনই নারী
  6. ০৮:১৭ পিএম, ২৫ মার্চ ২০২৬ নদীর ৩০ ফুট গভীরে তলিয়ে গেছে বাসটি
  7. ০৭:৫৭ পিএম, ২৫ মার্চ ২০২৬ ৪০ জনের মতো মরদেহ পানির নিচে রয়েছে বলে ধারণা ফায়ার সার্ভিসের
  8. ০৭:৪৯ পিএম, ২৫ মার্চ ২০২৬ পদ্মায় বাসডুবির ঘটনায় নারীর মরদেহ উদ্ধার
  9. ০৭:১৫ পিএম, ২৫ মার্চ ২০২৬ ডুবে যাওয়া বাস থেকে বের হতে পারেননি বেশিরভাগ যাত্রী
  10. ০৭:০০ পিএম, ২৫ মার্চ ২০২৬ ফেরিতে ওঠার সময় নিয়ন্ত্রণ হারায় বাসটি, যাত্রী ছিলেন ৪০-৫০ জন
  11. ০৬:৩২ পিএম, ২৫ মার্চ ২০২৬ দৌলতদিয়ায় নদীতে পড়ে গেছে যাত্রীবাহী বাস, বহু হতাহতের শঙ্কা