তুচ্ছ ঘটনায় হাতাহাতি, বড় ভাইকে পিটিয়ে হত্যা
লক্ষ্মীপুরে তুচ্ছ ঘটনায় হাতাহাতির সময় জাহাঙ্গীর আলম (৩০) নামের এক অটোরিকশা চালকের মৃত্যু হয়েছে। ছোট ভাই মাহফুজুর রহমানের (২০) রডের আঘাতে তার মৃত্যু হয়েছে বলে অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার (২৮ ডিসেম্বর) সন্ধ্যায় সদর উপজেলার শাকচর ইউনিয়নের উত্তর টুমচর গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত জাহাঙ্গীর নুর মোহাম্মদের মেজো ছেলে। তিনি পেশায় অটোরিকশা (মিশুক) চালক। অভিযুক্ত মাহফুজ তার ছোট ভাই।
নিহতের স্ত্রী শারমিন আক্তার জানান, তাদের ইসরাফিল (৮) ও ইয়ামিন (৩) নামে দুই ছেলে রয়েছে। বিকেলে খেলার সময় দাদা নুর মোহাম্মদের ঘরে ইয়ামিন একটি লাঠি ছুড়ে মারে। এতে ঘরে থাকা আলমারির গ্লাস ভেঙে যায়। এনিয়ে নুর মোহাম্মদসহ তার স্ত্রী রহিমা খাতুন, মেয়ে দোলা আক্তার, মৌসুমি ও ছেলে মাহফুজ এসে তার (শারমিন) সঙ্গে ঝগড়া করেন। খবর পেয়ে বাড়িতে এলে জাহাঙ্গীরের সঙ্গেও তাদের কথা কাটাকাটি ও হাতাহাতি হয়।
একপর্যায়ে একটি রড দিয়ে জাহাঙ্গীরের মাথায় ছোট ভাই মাহফুজ আঘাত করেন। পরে আহত অবস্থায় জাহাঙ্গীরকে স্থানীয়দের সহযোগিতায় সদর হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। পরে স্বজনরা মরদেহ বাড়িতে নিয়ে আসেন।
কান্নাজড়িত কণ্ঠে শারমিন আক্তার বলেন, আমার স্বামীকে পিটিয়ে হত্যা করা হয়েছে। আমি হত্যাকারীদের বিচার চাই। দুই সন্তানকে এতিম করে দিয়েছে তারা। এখন আমরা কার কাছে যাবো?
লক্ষ্মীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সাইফুদ্দিন আনোয়ার বলেন, পারিবারিক বিরোধে তুচ্ছ ঘটনায় ছোট ভাইয়ের আঘাতে জাহাঙ্গীর মারা গেছেন। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ঘটনার পর থেকে অভিযুক্তরা আত্মগোপনে রয়েছেন।
কাজল কায়েস/এফএ/জিকেএস
সর্বশেষ - দেশজুড়ে
- ১ রাঙ্গামাটি থেকে বেওয়ারিশ কুকুর ভারতে পাচারের অভিযোগ
- ২ সাতক্ষীরায় নিষিদ্ধ আফ্রিকান মাগুরসহ ট্রাক আটক, ব্যবসায়ীকে জরিমানা
- ৩ সৈয়দপুরে আগুনে দুই ব্যাংকসহ পুড়লো ১০ প্রতিষ্ঠান, কোটি টাকার ক্ষতি
- ৪ ইরানের হামলায় নিহত মৌলভীবাজারের সালেহ আহমেদের বাড়িতে শোকের মাতম
- ৫ চট্টগ্রামে জঙ্গলে গলা কাটা সেই শিশুটি মারা গেছে