ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

গোদাগাড়ি ও তানোরে প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দ

প্রকাশিত: ০৯:৫৪ এএম, ০৭ এপ্রিল ২০১৬

রাজশাহীর গোদাগাড়ী ও তানোর উপজেলার চেয়ারম্যান, সংরক্ষিত মহিলা আসনের সদস্য ও সাধারণ সদস্যদের মধ্যে প্রতীক বরাদ্দ দেয়া হয়েছে। বৃহস্পতিবার সকাল থেকে স্থানীয় রিটার্নিং অফিসারের কার্যালয়ে প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দ দেয়া হয়।

প্রার্থীর মধ্যে সরকার দলীয় আওয়ামী লীগ ও বিএনপির প্রার্থীরা তাদের পূর্ব নির্ধারিত প্রতীক নৌকা এবং ধানের শীষ পেয়েছেন। তবে স্বতন্ত্র প্রার্থীদের ক্ষেত্রে ভিন্ন ভিন্ন প্রতীক দেয়া হচ্ছে। একই প্রতীক একাধিক প্রার্থী চেয়ে থাকলে লটারির মাধ্যমে তা নির্ধারণ করা হচ্ছে। এখন পর্যন্ত কোথাও কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।

গোদাগাড়ি উপজেলা রিটানিং অফিসার জিয়াউল হক জানান, উপজেলার ৯টি ইউনিয়ন পরিষদের মোট ৫৮৯ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। সকাল থেকে প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দ দেয়া হয়েছে।

এর মধ্যে চেয়ারম্যান পদে ৩৩, সাধারণ সদস্য পদে ৪৬০ এবং সংরক্ষিত মহিলা সদস্য পদে ৯৬ জন প্রার্থী লড়াই করছেন।

অন্যদিকে তানোর উপজেলা রিটানিং অফিসার রবিউল ইসলাম জানান, উপজেলার ৭টি ইউনিয়ন পরিষদে মোট ৩৭৪ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। সকাল থেকে এখনো প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দ দেয়া হচ্ছে। এর মধ্যে চেয়ারম্যান পদে ২৫, সাধারণ সদস্য পদে ২৬৫ এবং সংরক্ষিত মহিলা সদস্য পদে ৮৪ জন প্রার্থী ভোট যুদ্ধে লড়াই করছেন।

প্রসঙ্গত, আগামী ২৩ এপ্রিল তৃতীয় দফায় গোদাগাড়ি ও তানোর উপজেলায় ইউনিয়ন পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হবে।

শাহরিয়ার অনতু/এআরএ/আরআইপি