ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

গাজীপুরে অস্ত্র ও গুলিসহ গ্রেফতার ২

প্রকাশিত: ০৮:২৩ এএম, ১৪ এপ্রিল ২০১৬

গাজীপুরে পিস্তল ও গুলিসহ দুইজনকে গ্রেফতার করছে র‌্যাব-১ এর সদস্যরা। বুধবার দিবাগত রাত আড়াইটার দিকে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতাররা হলেন- গাজীপুরের শীর্ষ সন্ত্রাসী গাজীপুর মহানগরীর বারবৈকা এলাকার হাজী আব্দুর বারেকের ছেলে মো. হাবিবুর রহমান (২৮) ও তার সহযোগী একই এলাকার মৃত মমির উদ্দিনের ছেলে মো. মিলন (২৬)।

র‌্যাব জানায়, বুধবার দিবাগত রাত আড়াইটার দিকে গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব সদস্যরা জানতে পারে শ্রীপুর উপজেলার ধনুয়া দক্ষিণপাড়া হানু মার্কেটের মোড়ে জনৈক মিজানের দোকানের সামনে পাকা রাস্তার উপর সন্ত্রাসীরা অবস্থান করছে। পরে র‌্যাবের কোম্পানি কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার ও সিনিয়র এডি মো. জিয়াউর রহমান এর নেতৃত্বে সঙ্গীয় ফোর্সসহ ওই এলাকায়  অভিযান পরিচালনা করে সন্ত্রাসী হাবিবুর রহমান ও মিলনকে আটক করে। এ সময় হাবিবুর রহমানের কাছ থেকে একটি পিস্তল ও খালি ম্যাগজিন এবং মো. মিলনের কাছ থেকে ২ রাউন্ড তাজা গুলি উদ্ধার করা হয়।

র‌্যাব আরও জানায়, গ্রেফতার হওয়া আসামিরা ইউনিয়ন পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে সন্ত্রাসীমূলক কার্যক্রম পরিচালনা করার উদ্দেশ্যে অস্ত্র ও গুলি তাদের কাছে রাখে। গ্রেফতাররা এলাকার চিহ্নিত অস্ত্রধারী সন্ত্রাসী। আসামি মো. হাবিবুর রহমানের বিরুদ্ধে জয়দেবপুর থানার একাধিক মামলা রয়েছে। আসামিরা তেলিপাড়া এলাকার শাহাদাত হোসেন হত্যা মামলার সঙ্গে জড়িত।

আমিনুল ইসলাম/এসএস/পিআর