ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

গাজীপুরে ইউপি সদস্য প্রার্থীকে কুপিয়ে হত্যা

প্রকাশিত: ০৩:১৩ এএম, ২০ এপ্রিল ২০১৬

গাজীপুরের শ্রীপুর উপজেলার প্রহাদপুর ইউনিয়ন পরিষদের আসন্ন নির্বাচনের তিন দিন আগে এক সদস্য প্রার্থীকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। মঙ্গলবার দিবাগত রাতে গাজীপুর সদর উপজেলার বনকড়া আমুনা এলাকায় এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।

নিহতের নাম আক্তার হোসেন খন্দকার (৪৫)। তিনি প্রহলাদপুর ইউনিয়নের ৯ নং ওয়ার্ডে সদস্য পদপ্রার্থী এবং ওই ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ছিলেন।

নিহতের ভাতিজা লতিফ খন্দকার জানান, মঙ্গলবার রাতে নির্বাচনী এলাকায় গণসংযোগ শেষে পার্শ্ববর্তী গাজীপুর সদর উপজেলার আমুনা গ্রামে তার এক আত্মীয়ের জানাজার নামাজ পড়তে যান আক্তার হোসেন। ওইখানে রাত সাড়ে ৯ টায় জানাজার নামাজ অনুষ্ঠিত হয়। নামাজ শেষে তিনি ও তার চাচাতো ভাই জমির খন্দকার মোটরসাইকেলযোগে বাড়ি ফিরছিলেন। পথে বনকড়া আমুনা এলাকায় রাস্তা খারাপ থাকার কারণে জামির মোটরসাইকেল থেকে নেমে অগ্রসর হন এবং আক্তার হোসেন গতি কমিয়ে মোটরসাইকেলে করে অগ্রসর হচ্ছিলেন।

এ সময় কয়েকজন দুর্বৃত্ত আক্তার হোসেনকে ঘিরে ধরে এলাপাতাড়ি কুপিয়ে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। খবর পেয়ে রাত ১২টার দিকে জয়দেবপুর থানা পুলিশ মরদেহ উদ্ধার করে গাজীপুরের শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়। তবে হত্যাকাণ্ডের কারণ জানা যায়নি।

আমিনুল ইসলাম/এসএস/এমএস